আজ বিশ্ব শিশু দিবস
আজ ৩ অক্টোবর সোমবার বিশ্ব শিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। একই সঙ্গে দেশে পালিত হচ্ছে শিশু অধিকার সপ্তাহ।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য: ‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো’।
শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। তিনি আশা করেন, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৬ উদ্যাপনে গৃহীত কর্মসূচি শিশুদের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাসস জানায়, প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। তিনি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।