ইকবালের স্ত্রী-সন্তানেরা কারাগারে
সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠিয়ে দেন। ওই চারজন হলেন ইকবালের স্ত্রী মমতাজ বেগম ডলি, দুই ছেলে ইমরান ইকবাল ও মঈন ইকবাল এবং মেয়ে নওরীন ইকবাল।
ওই আদালতের পেশকার রবিউল হোসেন প্রথম আলোকে বলেন, সম্পদের তথ্য গোপনের মামলায় ২০০৮ সালের ১১ মার্চ ইকবালকে ১৩ বছর ও তাঁর স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে উচ্চ আদালত থেকে ইকবাল খালাস পান। কিন্তু গত বছর ইকবালের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের আবেদন আপিল বিভাগ খারিজ করে দেন। এরপর আজ তাঁরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান। তাঁর ছেলে ইমরান ইকবাল ওই ব্যাংকের একজন পরিচালক। আরেক ছেলে মঈন ইকবাল ও মেয়ে নওরীন ইকবালও একসময় পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৭ মে ইকবাল, তাঁর স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ মামলা করে দুদক।