কারিগরি কমিটির সঙ্গে কথা বলে চীনা টিকার প্রয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনের তৈরি করোনার টিকা বাংলাদেশে প্রয়োগ হবে কি না কিংবা হলেও তা কবে নাগাদ হবে সে বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শ করে সরকার সিদ্ধান্ত নেবে। সরকার বিভিন্ন দেশের টিকার কার্যকারিতার ওপরও চোখ রাখছে। দেশের জন্য যা ভালো হবে সরকার সে রকম সিদ্ধান্তই গ্রহণ করবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগের পর নতুন মহাপরিচালক নিয়োগ নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আবুল কালাম আজাদ জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। জনপ্রশাসন থেকে ফাইল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এলে নতুন মহাপরিচালক নিয়োগ নিয়ে কাজ করা হবে।

সরকার নতুন করে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই টাস্কফোর্সের মাধ্যমে দেশের হাসপাতাল, ক্লিনিকসহ অন্যান্য চিকিৎসা–সংক্রান্ত প্রতিষ্ঠানে কোনো অনিয়ম হয় কি না, তা খতিয়ে দেখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে বদলি করা হচ্ছে কি না, এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেবল হাসপাতাল শাখা নয়, যে শাখাগুলো বেশি সমালোচিত হয়েছে, সেগুলো ভালোভাবে খতিয়ে দেখে সরকার শক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আমিনুল হাসানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জন্য ফাইল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে, যেটি রাষ্ট্রপতির কার্যালয়ে যাওয়ার কথা। সেখান থেকে অনুমোদিত হয়ে ফেরত এলে এ বিষয়ে একটি আদেশ জারি করা হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বিতর্কের মুখে আবুল কালাম আজাদ গতকাল মঙ্গলবার জনপ্রশাসনসচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।