কালকিনিতে গৃহবধূ খুন

মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম শিকারমঙ্গল গ্রামে স্বামী রায়হান সরদার ও তাঁর পরিবারের সদস্যদের নির্যাতনে সনিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সনিয়া আক্তারের বোন শান্তা জানান, শুক্রবার দুপুরের দিকে সনিয়া ফোনে জানিয়েছিলেন তাঁকে দিনভর প্রচণ্ড মারধর করা হয়েছে। বিকেলে গিয়ে দেখা যায়, সনিয়া গুরুতর অসুস্থ। দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শান্তা বলেন, ‘আমার বোনকে তার স্বামী ও পরিবারের লোকজন মিলে অত্যাচার করে খুন করেছে। আমরা এই খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।’
এ ঘটনায় কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমির হোসেন বলেন, সনিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রায়হান সরদার ও তাঁর পরিবারের সদস্যরা সনিয়ার মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছেন। বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি।