কালিয়াকৈরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর সাকাশ্বর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম লিমা আক্তার (২৫)। আজ শনিবার সকালে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে মারা যান তিনি।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাছিমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যায় স্বামী আমজাদ হোসেন, শাশুড়িসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন নিহত লিমার বাবা। এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। আমজাদসহ তাঁর বাড়ির লোকজন পলাতক।
নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর গ্রামের আ. ছালামের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে গাজীপুর সদর উপজেলার ইসলামপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে লিমার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে আমজাদকে এক লাখ টাকা দেওয়া হয়। বছর না ঘুরতেই তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায় প্রতিদিনই মাদক সেবন করে বাড়ি ফিরে স্ত্রী লিমাকে নির্যাতন করতেন আমজাদ। লিমার বাবার বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দিতেন। কিন্তু বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে মারধর করা হতো লিমাকে। গতকাল শুক্রবার রাতেও লিমাকে বাবার বাড়ি থেকে টাকা আনতে বলা হয়। কিন্তু রাজি না হওয়ায় তাঁকে বেদম মারধর করা হয়। আজ সকালে সংজ্ঞাহীন অবস্থায় লিমাকে কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালে রেখে চলে যান স্বামী আমজাদ। খবর মেয়ে লিমার পরিবারের সদস্যরা তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান লিমা।
সদর হাসপাতালের আবাসিক চিকিত্সক তপন কান্তি সরকার প্রথম আলোকে বলেন, গৃহবধূ লিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। গলার মধ্যেও কালো দাগ দেখা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নিহত লিমার মা তাসলিমা বেগম বলেন, বিয়ের পর থেকে স্বামী, শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা লিমাকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করতেন।