ক্রেস্ট ক্রয় কমিটির সদস্য বাবুল মিয়া ওএসডি
মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সম্মাননা প্রদান নিয়ে গঠিত ক্রেস্ট ক্রয় কমিটির সদস্য বাবুল মিয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে ওএসডি করা হয়।
অভিযোগ রয়েছে, বাবুল মিয়া ক্রেস্টে জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি বাবুল মিয়াকে মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে একান্ত সচিব করেছিলেন।
এর আগে গত বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে ওএসডি করা হয়। বুধবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা ছিলেন এই ক্রেস্ট ক্রয়সংক্রান্ত কমিটির প্রধান। ক্রেস্টে সোনা কম দেওয়া নিয়ে গোলাম মোস্তফার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেয় সরকার। সম্মাননার স্মারক হিসেবে এই বিশিষ্টজনদের একটি ক্রেস্ট দেওয়া হয়। প্রতিটি ক্রেস্টে এক ভরি স্বর্ণ ও ৩০ ভরি রুপা থাকার কথা ছিল। কিন্তু সম্মাননা দেওয়ার সময় বিএসটিআইয়ে একটি ক্রেস্ট পরীক্ষা করায় মন্ত্রণালয়। তাতে দেখা যায়, ক্রেস্টটিতে এক ভরির জায়গায় সোয়া তিন আনা স্বর্ণ এবং রুপার বদলে ৩০ ভরি পিতল, তামা ও দস্তা দেওয়া হয়েছে।