ক্ষতি পোষাতে গরুকে খাওয়ানো হচ্ছে আলু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলুচাষিরা তিন মাসের হাড়ভাঙা খাটুনিতে যে আলু ফলিয়েছেন, সেই ফলনই তাঁদের বিপাকে ফেলেছে। আলুর দাম না পেয়ে নিরুপায় চাষিরা ক্ষতি পোষাতে গরুকে আলু খাওয়াচ্ছেন। এতে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলে তাঁদের ধারণা।
আলুচাষিরা জানান, প্রতিমণ গ্রানুলা জাতের আলু বর্তমান বাজারে ৮০ টাকা দরেও বিক্রি করতে পারছেন না। লাভ তো দূরের কথা, শ্রমের মূল্য, সার, কীটনাশক, আলুবীজ কেনার টাকা তোলাই অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় অনেকে আলু বিক্রির চেষ্টা ছেড়ে দিয়ে বাড়িতে আলু সংরক্ষণ করছেন। আর ক্ষতি পোষাতে গরুকে আলু খাওয়াচ্ছেন।
উপজেলার কুড়াহার গ্রামের মোজামেঞ্চল হোসেন জানান, বাজারে গোখাদ্যের দাম চড়া। গত এক বছরে খরের দামও মণপ্রতি ১০০ টাকা বেড়েছে। এ অবস্থায় আলুর বাজারে ধস নামায় অনেক চাষি তাঁদের গৃহপালিত গরুকে আলু খাওয়াচ্ছেন। বেলাই গ্রামের আবদুল মজিদ বলেন, ‘গরুগুলোকে আলু সেদ্ধ করে খাওয়াচ্ছি। ফলে অর্ধেক গোখাদ্য কিনলেই চলে যাচ্ছে।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম সামছুদ্দিন বলেন, গরুকে উপর্যুপরি আলু খাওয়ানো ঠিক নয়।