গৃহবধূ মাহমুদা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
ভোলার লালমোহন উপজেলায় মাহমুদা মেহের তিথি (২৬) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বেলা ১১টায় লালমোহন পৌরসভার চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় তরী ফাউন্ডেশনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলামসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা মিছিল করে লালমোহন বাজারের গলি প্রদক্ষিণ করেন। পরে পথসভায় বক্তারা মাহমুদা হত্যার ঘটনায় স্বামী মেহেদী হাসানসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মেয়র এমদাদুল ইসলাম বলেন, যৌতুক না পেয়ে ১ জুন মাহমুদার স্বামী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ও তাঁর পরিবারের লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগ মেহেদীকে বহিষ্কার করেছে। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ভয় পাচ্ছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে লালমোহনবাসী কঠোর আন্দোলনের ডাক দেবে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।