গৈদারটেক-মনসুরাবাদ সংযোগ সেতু উদ্বোধন

ঢাকার গৈদারটেক-মনসুরাবাদের মধ্যে সংযোগ সেতু ও সড়ক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। আজ সোমবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তিনি সংযোগ সড়ক ও সেতুর উদ্বোধন করেন।
গৈদারটেক-মনসুরাবাদ এলাকা ঢাকার ১৩ নম্বর ও ১৪ নম্বর সংসদীয় এলাকার মধ্যে পড়েছে। সেতু তৈরির আগে গৈদারটেক-মনসুরাবাদ নৌকায় যাতায়াত করতে আধা ঘণ্টা সময় লাগত। সেতু উদ্বোধনের ফলে ১৩ নম্বর সংসদীয় এলাকার সঙ্গে ১৪ নম্বর সংসদীয় এলাকার সরাসরি সংযোগ হয়েছে। ১৩ নম্বর এলাকায় মধ্যে পড়েছে শ্যামলী রিং রোড, আদাবর ও আশপাশের এলাকা আর ১৪ নম্বরের মধ্যে পড়েছে গৈদারটেক, মাজার রোড ও গাবতলী, কল্যাণপুর।
সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, এলাকার দুই সাংসদ ও এলাকাবাসীর সহযোগিতা না পেলে এর কাজ শেষ করা সম্ভব হতো না। এলাকার উন্নয়নকাজে তাই প্রতিটি এলাকার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। তাঁর মেয়াদের আগামী তিন বছরেও উন্নয়নকাজ চালিয়ে যেতে চান তিনি। রাস্তা তৈরি, নর্দমা পরিষ্কার, এলইডি বাতি লাগানোর মতো কাজ চালিয়ে যেতে চান।

সেতু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা ১৪ আসনের সাংসদ আসলামুল হক।
সাংসদ জাহাঙ্গীর কবির নানক বলেন, সেতু তৈরির ফলে যাতায়াতে দুই এলাকার লাখো মানুষ উপকৃত হবে। এটা শুধু সংযোগ সেতু নয়, মানুষের মধ্যে সংযোগ স্থাপন করল।
সাংসদ আসলামুল হক বলেন, বিভিন্ন সরকার এ সেতু নির্মাণের ঘোষণা দিলেও আওয়ামী লীগ সরকার নির্বাচনের ইশতেহার অনুযায়ী এটি নির্মাণ করেছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলাম, সিটি করপোরেশনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংযোগ সেতুটির দৈর্ঘ্য ৪৫ মিটার ও প্রস্থ ৯ দশমিক ১৪ মিটার। এটি তৈরিতে প্রায় ১০ কোটি টাকা খরচ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।