চট্টগ্রামে ঘুষের টাকাসহ আয়কর বিভাগের কর্মচারী গ্রেপ্তার

ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর এক কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ তাঁকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ওই কর্মচারীর নাম জাহিদ ইকবাল খান। তিনি আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কার্যালয়ের প্রধান সহকারী।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে জানান, বাড়ির আয়কর কমিয়ে দেওয়ার কথা বলে টিঅ্যান্ডটির উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে আসছিলেন জাহিদ। কিন্তু ঘুষ দিতে অস্বীকৃতি জানানোর কারণে জাহিদ তাঁকে ডিমান্ড নোটিশ দেননি। একপর্যায়ে বিষয়টি দুদক কর্মকর্তাদের জানানো হয়। পরে টাকা নেওয়ার সময় জাহিদকে হাতেনাতে আটক করা হয়।
কাশেম ভূঁইয়া বলেন, ‘তাঁর স্ত্রীর নামে আয়করসংক্রান্ত একটি ডিমান্ড নোটে কর কমিয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবি করে আসছিলেন জাহিদ। অতিষ্ঠ হয়ে বিষয়টি দুদকের কর্মকর্তাদের জানাই। এরপরই নানা প্রক্রিয়া শেষে এক হাজার টাকার ২০টি নোট জাহিদের হাতে তুলে দিই। এ সময় দুদকের কর্মকর্তারা তাঁকে আটক করেন।’
চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর অতিরিক্ত কর কমিশনার ইকবাল হোসেন বলেন, জাহিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, জাহিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে দুদক।