চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা।
একই দাবিতে গত রোববার থেকে শুরু হওয়া তাঁদের ধমর্ঘট গতকালও অব্যাহত ছিল। ধর্মঘটের কারণে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা করে রেখেছে।
শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুজ্জাহান রবি বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা বারবার মার খাচ্ছেন। আমরা নিরাপদ কর্মস্থল চাই। ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দিয়ে অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। দাবি না মানা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ওমর ফারুক খান বলেন, ‘আমরা শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছি। আশা করছি দ্রুত একটা সমাধানে আসা যাবে।’
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, হাসপাতাল ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত সেখানে পুলিশি পাহারা বাড়ানো হচ্ছে।
গত শনিবার সন্ধ্যায় হাসপাতালের গাইনি বিভাগে রোজিনা আক্তার (৩৮) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনেরা কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসক মাহফুজকে লাঞ্ছিত করে পালিয়ে যান।
এ ঘটনার প্রতিবাদে গত রোববার বেলা একটা থেকে শিক্ষানবিশ চিকিৎসক পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে।