ঠাকুরগাঁও পৌরসভার ১৫ সড়ক বেহাল

ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর কার্পেটিং ও ইট-খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। ছবিটি গতকাল সকালে সিরাজদৌল্লা সড়ক থেকে তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর কার্পেটিং ও ইট-খোয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। ছবিটি গতকাল সকালে সিরাজদৌল্লা সড়ক থেকে তোলা l প্রথম আলো

ঠাকুরগাঁও পৌরসভার পাড়া-মহল্লার অন্তত ১৫টি রাস্তা দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এর মধ্যে বেশির ভাগ রাস্তার পিচ ও ইট-খোয়া উঠে বহু গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়কে নিত্যদিন চলাচলকারী ব্যক্তিদের পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে দেখা গেছে, সিরাজদৌল্লা সড়কের স্বর্ণকারপট্টি থেকে পুরোনো বাসস্ট্যান্ড পর্যন্ত অনেক জায়গায় পিচ উঠে এবড়োখেবড়ো হয়ে গেছে। পূর্ব গোয়ালপাড়া এলাকায় ছোট-বড় অনেক গর্ত রয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে আছে।
মুন্সিপাড়া থেকে সাধারণ পাঠাগার পর্যন্ত রাস্তার প্রায় পুরো অংশের পিচ ও ইট-খোয়া উঠে খানাখন্দে ভরে গেছে। দুই পাশ ভেঙে সংকুচিত হয়ে গেছে। এতে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এ সম্পর্কে ৮ নম্বর ওয়ার্ডের খালপাড়ার বাসিন্দা মো. শহীদুজ্জামান প্রথম আলোকে বলেন, পৌর নির্বাচনের আগে আগে শহরের কিছু রাস্তার সংস্কার করা হয়। কিন্তু যেসব রাস্তা অনেক দিন থেকে ভেঙে আছে, সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে না। এখন ইট-খোয়া উঠে এমন অবস্থা হয়েছে, এসব রাস্তায় রিকশাও চলতে চায় না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শহরের পুরোনো কবরস্থানের পাশের রাস্তা, টিকিয়াপাড়া, গোয়ালপাড়া, নরেশ চৌহান সড়কের হলপাড়ার সংযোগ তিনটি রাস্তা, ঘোষপাড়া-সরকারপাড়ার চারটি রাস্তা, হাজিপাড়ার বড়মাঠ থেকে শিমুলতলার রাস্তা, আশ্রমপাড়া শিশুপার্ক থেকে মুন্সিপাড়া, চানমারীপাড়ার রাস্তার অবস্থাও খুব খারাপ। এসব রাস্তার কোথাও কোথাও পিচ উঠে গেছে, আবার কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে নর্দমার পানি রাস্তায় চলে আসে। মহল্লাবাসীকে সে সময় নোংরা, দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হয়।
হলপাড়া মহল্লার বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, ‘নর্দমা উঁচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। প্রতিবছর বর্ষাকালে আমাদের ভোগান্তির শেষ থাকে না।’
খালপাড়া মহল্লার রিকশাচালক নূর আলম বলেন, পৌরসভার অনেক রাস্তায় গর্তের কারণে রিকশা চালাতে তাঁর খুব কষ্ট হয়। অনেক সময় গর্তে পড়ে রিকশার ক্ষতি হয়। তা মেরামতে বাড়তি টাকা লাগে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর ইসলাম বলেন, ‘এ ওয়ার্ডের রাস্তাগুলো নিয়ে বিড়ম্বনায় আছি। তিন থেকে চারটি রাস্তা চরম খারাপ। সেগুলো সংস্কার করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, পৌরসভার ৫৫ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এসব সড়কের প্রায় ৩০ কিলোমিটার দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, প্রয়োজনীয়তা যাচাই করে এসব রাস্তা পর্যায়ক্রমে সংস্কার করা হবে।