ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসকের কর্মবিরতি
ডায়াবেটিক সমিতি এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় পরিচালিত ঠাকুরগাঁও ও রানীশংকৈল স্বাস্থ্যসেবা হাসপাতালের ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী নয় মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এতে ওই দুটি হাসপাতালে চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।
এর আগে গত শনিবার থেকে ওই সব কর্মকর্তা-কর্মচারী তিন দিনের প্রতীকী কর্মবিরতি পালন করেন। জানা গেছে, ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী গতকাল সকালে ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালে সমবেত হন৷ সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে তাঁরা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে ১২৬ জন চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী স্বাক্ষর করেন। কর্মকর্তারা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করেন৷ এরপর তাঁরা ঠাকুরগাঁও চৌরাস্তায় অবস্থান নেন। সেখানে বক্তব্য দেন চিকিৎসক নূর আলম মণ্ডল, প্যাথলজিস্ট মঞ্জুরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম, চক্ষু বিভাগের টেকনিক্যাল সহকারী মো. আজাদ আলী, সারোয়ার হোসেন প্রমুখ।
ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও ও রানীশংকৈল হাসপাতালে ১৮ হাজার রেজিস্টার্ড ডায়াবেটিস রোগী চিকিৎসা নেন। এদিকে ঠাকুরগাঁও হাসপাতালে প্রতিদিন ১০০-১২০ জন চোখের রোগী প্রতিদিন সেবা নেন। কর্মবিরতির ফলে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে।
ঠাকুরগাঁও স্বাস্থ্যসেবা হাসপাতালের নির্বাহী পরিচালক এ কে এম একরামুল হক চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নয় মাসের বেতন বকেয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বিষয়টি সুরাহার জন্য যোগাযোগ অব্যাহত রেখেছি।’