চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে চারজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম শাখা।
পরস্পরবিরোধী অবস্থান গ্রহণকারী গ্রামবাসীদের সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি এবং পরবর্তী সময়ে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিটির আহ্বায়ক আবুল মোমেন ও সম্পাদক দেলোয়ার মজুমদার বিবৃতিতে বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের চিকিৎসার সব ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাই। একই সঙ্গে আমরা পুলিশের গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রয়োজনে ও উন্নয়নের তাগিদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বিদ্যুৎকেন্দ্র, বিশেষত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার আগে সংশ্লিষ্ট এলাকার জমির ঐতিহ্যগত ব্যবহার, জনবসতির ঘনত্ব এবং পানি, ভূমি ও গাছপালাসহ পরিবেশের বিষয়গুলো বিবেচনায় নেওয়া দরকার। বিশেষত আমাদের কৃষিপ্রধান এই দেশে, লবণ চাষের জন্য খ্যাত এ অঞ্চলে এ রকম একটি বৃহৎ স্থাপনা নির্মাণের পূর্বে বিনিয়োগকারী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে সমঝোতা বৈঠক হওয়া দরকার।
পাশাপাশি পরিবেশ ও জনগণের ওপর প্রভাবসহ প্রকল্পের সম্ভাব্যতা উপযুক্ত বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করে সবার জ্ঞাতার্থে প্রতিবেদন প্রকাশেরও আহ্বান জানান বিবৃতিদাতারা।