দুই সিটিতে আরও ৩৬টি ওয়ার্ড

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত ১৬টি ইউনিয়ন এলাকায় ৩৬টি ওয়ার্ড গঠন করা হয়েছে।

দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত বুধবার স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত গেজেট জারি করে। তবে বিষয়টি গতকাল রোববার প্রকাশিত হয়।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে বলেন, এখন তাঁরা নতুন যুক্ত ওয়ার্ডগুলোকে অঞ্চলে ভাগ করবেন। এরপর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

নতুন যুক্ত ওয়ার্ডগুলোতে নির্বাচন কবে হতে পারে? এই প্রশ্নের জবাবে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাউল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ৩৬টি ওয়ার্ডের সঙ্গে আরও ১৮টি যোগ হয়ে ওয়ার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪টি। আর দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড ৫৭টি থেকে বেড়ে ৭৫টি হয়েছে।

গত ৯ মে দুই সিটি করপোরেশনের সঙ্গে ১৬টি ইউনিয়ন যুক্ত করার প্রস্তাব অনুমোদন করে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এতে ডিএনসিসির আয়তন ৮২ দশমিক ৬৩৮ বর্গকিলোমিটার থেকে বেড়ে ১৬০ দশমিক ৭৬৮ বর্গকিলোমিটারে দাঁড়ায়। একই ভাবে ডিএসসিসির আয়তন ৪৫ বর্গকিলোমিটার থেকে বেড়ে ১০৯ দশমিক ১৯ বর্গকিলোমিটার হয়। দুই সিটি করপোরেশনের আয়তনসংক্রান্ত গেজেট প্রকাশিত হয় গত ২৮ জুন।

ডিএনসিসিতে যুক্ত ইউনিয়নগুলো হচ্ছে বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেরাইদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর। ইউনিয়নগুলোকে ৩৭ থেকে ৫৪ নম্বর ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। আর ডিএসসিসিতে যুক্ত শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নকে ৫৮ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে বিভক্ত করেছে সরকার।

গেজেট অনুসারে ডিএনসিসির নতুন ৩৮, ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ড গঠিত হয়েছে। একই ভাবে ৩৭, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে ১৪ নম্বর; ৪৩, ৪৪ ও ৪৫ নম্বর ওয়ার্ড নিয়ে ১৫ নম্বর; ৪৬, ৪৭ ও ৪৮ নম্বর ওয়ার্ড নিয়ে ১৬ নম্বর; ৪৯, ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ড নিয়ে ১৭ নম্বর এবং ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ১৮ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।

আর ডিএসসিসির সম্প্রসারিত ৭৩, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ২০ নম্বর ওয়ার্ড; ৭০, ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ড নিয়ে ২১ নম্বর; ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ড নিয়ে ২২ নম্বর; ৬৪, ৬৫ ও ৬৬ নম্বর ওয়ার্ড নিয়ে ২৩ নম্বর; ৬১, ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ড নিয়ে ২৪ নম্বর এবং ৫৮, ৫৯ ও ৬০ নম্বর ওয়ার্ড নিয়ে সংরক্ষিত আসনের ২৫ নম্বর ওয়ার্ড গঠন করা হয়েছে।