দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বারে গতকাল সোমবার এক নির্মাণ শ্রমিক ও এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। একই দিন নেত্রকোনার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় দেবীদ্বার পৌর এলাকার মোহনা আবাসিক এলাকার রিপন দত্তের নির্মাণাধীন বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় রুবেল মিয়া (২৩) নামে এক নির্মাণ শ্রমিক বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা যান। রুবেল পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের তারু মিয়ার ছেলে। বেলা আড়াইটায় উপজেলার গুণাইঘর গ্রামে বৈদ্যুতিক তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শরীফুল ইসলাম (১৫)। সে গুণাইঘর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। নেত্রকোনায় সেচযন্ত্র চালু করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে (৩২) এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি একই গ্রামের বাসিন্দা মৃত আনু মিয়ার ছেলে।