ধানের বস্তায় ৬০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি

গোলাঘরে ধানের বস্তার ভেতর থেকে ৬০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।
বিজিবি ২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ হাসান বলেছেন, মূর্তিটি ৩৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি প্রস্থ। ওজন ৬০ কেজি। এর মূল্য ৬০ লাখ টাকা।
গতকাল শনিবার রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী গ্রামে মো. শাহজাহান আলী (৪৮) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার সরকার বলেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু জাফর, বিজিবি ২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ হাসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ ও বীরগঞ্জ থানা পুলিশের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। কল্যাণী গ্রামের সৈয়দপুর এলাকায় শাহজাহান আলীর বাড়িতে গোলাঘরে ধানের বস্তার ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে পুলিশ পৌঁছানোর পরেই শাহজাহান আলী পালিয়ে যান।
বর্ডার গার্ড বাংলাদেশের নায়েক সুবেদার মো. আকতার হোসেন বাদী হয়ে শাহজাহানকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বীরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার সরকার বলেন, তাঁরা শাহজাহানকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছেন।