নরসিংদীতে নতুন অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন

নরসিংদীর পলাশে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে উঠতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার দুপুর ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন। পলাশের অর্থনৈতিক অঞ্চল ছাড়াও দেশের আরও আটটি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ঘোষণা করা হয়।
এ উপলক্ষে উপজেলার ডাঙায় অবস্থিত অর্থনৈতিক অঞ্চল একে খান সিটিতে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল আশরাফ খান, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। পলাশ উপজেলার কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে ২০০ একর জমিতে বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলছে।
একে খান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (লজিস্টিক অ্যান্ড শিপিং পোর্ট) মো. এমরান চৌধুরী বলেন, ‘ইতিমধ্যে প্রায় ২০০ একর ভূমির ওপর ৭ কোটি ডলার ব্যয় করা হয়েছে। জমিতে বালি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু দিনের মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে। অবকাঠামোর কাজ শেষ হলে প্রকল্পের কারিগরি কাজ শুরু হবে।’
তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন ও পয়োনিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা হবে।
এমরান চৌধুরী বলেন, এই কনটেইনার টার্মিনাল ও শিল্প এলাকা প্রতিষ্ঠিত হলে বিদেশ থেকে পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নৌ-পথে পণ্য আমদানির নয়া দিগন্ত উন্মোচিত হবে এবং সড়ক ও রেলপথে চাপ কমে যাবে। পাশাপাশি সড়ক ও রেলপথের তুলনায় পরিবহন ব্যয় প্রায় দেড় গুণ কমে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে বার্জ্যযোগে মালামাল অতি সহজেই নদীপথে একে খান কনটেইনার টার্মিনালে পৌঁছে যাবে। একই সঙ্গে এখানে বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।