নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে নদী দখলমুক্ত করার অভিযান

বিআইডব্লিউটিএ গতকাল মুন্সিগঞ্জের মিরকাদিম বন্দরসংলগ্ন ধলেশ্বরী নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই সময় নদীতে পাইলিং করে নির্মিত বিভিন্ন স্থাপনা  উচ্ছেদ করা হয় l ছবি: প্রথম আলো
বিআইডব্লিউটিএ গতকাল মুন্সিগঞ্জের মিরকাদিম বন্দরসংলগ্ন ধলেশ্বরী নদীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এই সময় নদীতে পাইলিং করে নির্মিত বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদী দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার গোপচর এলাকায় এবং আগের দিন সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল মিরকাদিম পৌরসভার গোপচর এলাকায় হাজি আবুল হোসেন ও হাজি জয়নাল আবেদীনের ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটার দখল করা নদীর অংশ উদ্ধার করা হয়।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ইটভাটা নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণের আগে বিআইডব্লিউটিএর অনুমতি নিতে হয়। কিন্তু এসব ইটভাটার মালিকেরা বিআইডব্লিউটিএর কোনো অনুমতি না নিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেন।
নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, এক সপ্তাহ আগে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মোজাম্মেল হক মিরকাদিম থেকে ধর্মগঞ্জ পর্যন্ত ইটভাটা পরিদর্শন করেন। চেয়ারম্যান এই সব ইটভাটার মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ উদ্যোগে এক সপ্তাহের মধ্যে নদী দখল করে ভরাটের স্থান থেকে বাঁশ ও মাটি সরিয়ে নিতে নির্দেশ দেন। ভাটার মালিকেরা তখন সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তাঁরা এ সময়ের মধ্যে বাঁশ ও মাটি সরিয়ে নেননি। এ কারণে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়।
এদিকে গত সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার গোপচর এলাকায় ধলেশ্বরী নদীর প্রায় ১৫ হাজার বর্গফুট উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিআইডব্লিউটিএ অভিযান চালিয়ে দুটি ইটভাটার সামনের নদীর অংশ দখলমুক্ত করে। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক গোলাম মোস্তফা ও সহকারী পরিচালক রেজাউল করিম।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক গোলাম মোস্তফা বলেন, নদীর সীমানার ভেতরে কোনো ধরনের স্থাপনার বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করেই ইটভাটার মালিকেরা বাঁশের পাইলিং স্থাপন করেছিলেন। সোমবার গোপচর এলাকায় হাশেম ও জয়নালের মালিকানাধীন দুটি ইটভাটার সামনে ধলেশ্বরী নদীর অংশ উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।