পলাশে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ
নরসিংদীর পলাশ উপজেলার প্রতিটি বাড়ি বিদ্যুতের আওতায় এনেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। কাল শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পলাশ মাল্টিমিডিয়া মিলনায়তনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের ‘২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ’ পরিকল্পনার বাস্তবায়ন এটি। পলাশ উপজেলায় ১১৮টি গ্রামের মোট ৪৭ হাজার গ্রাহক বিদ্যুৎ-সংযোগ পেয়েছেন। এই গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহে মোট চারটি উপকেন্দ্র স্থাপন করা হয়েছে। পলাশ উপজেলায় মোট ৮৩৩ কিলোমিটার বিদ্যুৎলাইনের জন্য জাতীয় গ্রিড থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) এ জেড এম আজাদ প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় আমরা পলাশ উপজেলার সব বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছি। এটা
সরকারের সবার জন্য বিদ্যুৎ পরিকল্পনার বাস্তবায়ন। এ ছাড়া যাঁরা নতুন বাড়ি তৈরি করছেন অর্থাৎ নতুন বাসিন্দা হয়েছেন, তাঁদেরও আমাদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করছি। তাঁদেরও আমরা বিদ্যুতের আওতায় নিয়ে আসতে পারব।’