পাসপোর্ট আটকে রাখায় সাতজনকে জরিমানা
রাজধানীর পল্টনে বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট আটকে রাখার অপরাধে গতকাল বুধবার সাতজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ১১৪টি পাসপোর্ট জব্দ করা হয়।
গতকাল র্যাব-৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত পল্টনে ডিআইটি এক্সটেনশন রোডের এয়ার ল্যান্ড ইন্টারন্যাশনাল লিমিটেড ও এটিভি ওভারসিজ লিমিটেডের কার্যালয়ে অভিযান চালান। অভিযানে র্যাব-৩-এর একটি দল অংশ নেয়। এ সময় সেখান থেকে ২২২টি ভিসাসহ পাসপোর্ট, ৭৭০টি ভিসা প্রসেসিংয়ের জন্য রাখা পাসপোর্ট এবং ১১৪টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জব্দ ও সাতজনকে আটক করা হয়। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনের ৩৫ ধারা অনুযায়ী আসামিদের জরিমানা করেন। এর মধ্যে তাজুল ইসলামকে ৫০ হাজার, আবদুল মাজেদকে ৩০ হাজার, হুমায়ুন কবির রাসেলকে ৩০ হাজার, স্বপন কুমার চক্রবর্তী, শওকত আলী ময়না, শহিদুল আলম ও আবদুর রহিমকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালত ২২২টি ভিসাসহ পাসপোর্ট ও ৭৭০টি ভিসা প্রসেসিংয়ের জন্য রাখা পাসপোর্ট বায়রার কার্যনির্বাহী সদস্য নুরুল আমিনের জিম্মায় দিয়ে দেন। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টগুলো জব্দ করা করা হয়।