পুরস্কার পেল র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও সদস্য
অপরাধ দমনের পাশাপাশি মানবিক কাজ পরিচালনার স্বীকৃতিস্বরূপ র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন ও সদস্যদের হাতে ‘র্যাব অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়েছে। চার ক্যাটাগরিতে অপরাধবিষয়ক প্রতিবেদনের জন্য চারজন গণমাধ্যমকর্মীকেও এ পুরস্কার দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য র্যাব সদস্য, দলগত ও ব্যাটালিয়ন পর্যায়ে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে র্যাব-৫, জঙ্গিবিরোধী অভিযানে র্যাব-৪ এবং মাদকবিরোধী অভিযানে র্যাব-৭ পুরস্কার পেয়েছে।
ব্যক্তিগত পর্যায়ে অভিযান পরিচালনার জন্য সেরা কর্মকর্তা হিসেবে র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস, সেরা গোয়েন্দা কর্মকর্তা হিসেবে র্যাব সদর দপ্তরের মেজর আ ন ম শাকিল নেওয়াজ ও সেরা সদস্য হিসেবে র্যাব-১৫-এর ল্যান্স করপোরাল শাফিউর রহমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দলগত অভিযানের জন্য র্যাব-৫, সূত্রবিহীন অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য র্যাব-৪ ও মানবিক কাজের জন্য র্যাব-৬ পুরস্কার পায়। এ ছাড়া ২০২১ সালে সার্বিক অভিযানের সাফল্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে র্যাব-৫, র্যাব-৪ এবং র্যাব-৭-কে সেরা ব্যাটালিয়ন হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।
এদিকে অপরাধবিষয়ক সেরা প্রতিবেদনের জন্য ভোরের কাগজের প্রতিবেদক ইমরান রহমান, বেসরকারি টিভি নিউজ-২৪–এর মাসুদা লাবনী, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আমানুর রহমান রনি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুষ্ঠান (প্রোগ্রাম) প্রতিবেদক আবদুল্লাহ আল রাফিকে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেরা পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালক।