পুরোনো লঞ্চে রং-তুলির আঁচড়
পুরোনো লঞ্চকে রংতুলির আঁচড়ে নতুন করে সাজিয়ে তোলার এই দৃশ্য প্রতিবছরই ঈদের আগে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর সদরঘাটের অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের চর খেজুরবাগ এলাকায় চলছে পুরোনো লঞ্চকে নতুন রঙে সাজানোর প্রতিযোগিতা। এই সৌন্দর্যবর্ধনের পেছনে অবশ্য উন্নত যাত্রীসেবার অঙ্গীকার নেই। প্রশাসনের নজরদারি এড়ানোর কৌশল হিসেবে কাজ করে রংতুলির এই আঁচড়। ঈদে ঘরে ফেরা মানুষের ঢলে বাড়তি ব্যবসার সুযোগ নিতেই এই আয়োজন। চলাচলের অযোগ্য পুরোনো লঞ্চ ঈদের সময় নবসাজে টার্মিনালে নোঙর করে রাখা হয়। ঝুঁকি নিয়েই মানুষ এসব লঞ্চে যাতায়াত করতে বাধ্য হয়।