পূজামণ্ডপের আশপাশে দোকানপাট ও মেলা বসতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ফাইল ছবি

শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপের পার্শ্ববর্তী স্থানে দোকানপাট ও মেলা বসানো যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শারদীয় দুর্গোৎসবের আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে রোববার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পূজামণ্ডপের আশপাশে কোনো দোকানপাট ও মেলা বসতে দেওয়া হবে না । আতশবাজি ও পটকা ফোটানো যাবে না, মাদক গ্রহণ করা যাবে না। অস্থায়ী পূজামণ্ডপগুলো নির্দিষ্ট দিনেই প্রতিমা বিসর্জন দিতে হবে।’

পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন থাকবে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বড় বড় পূজামণ্ডপে র‌্যাব, পুলিশের বিশেষ টহলের সঙ্গে সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে। সীমান্ত এলাকার পূজামণ্ডপে বিজিবি ও উপকূলীয় এলাকায় কোস্টগার্ড সতর্ক অবস্থায় থাকবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দুষ্কৃতকারী পূজামণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।’

আগামী ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর সারা দেশে ৩১ হাজার ২৩৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।