বাংলাদেশ-চীন সামরিক সহযোিগতায় চুক্তি স্বাক্ষর

সামরিক সহযোিগতায় গত সোমবার বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারি ও বাহিনীর সক্ষমতা বাড়ানোই এসব চুক্তির লক্ষ্য৷ সোমবার ঢাকা ক্যান্টনমেন্টে উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষরিত হয়৷ খবর ইউএনবির৷
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী৷ ওই সময় চীনের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চুক্তি অনুযায়ী চীনের সেনাবাহিনী বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ নানাভাবে সহায়তা করবে৷ এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালে একটি ভাষা গবেষণাগার প্রতিষ্ঠায়ও তারা সহায়তা করবে৷
চুক্তি স্বাক্ষরের অাগে বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়৷ ওই আলোচনায় চীনের কর্মকর্তারা বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারির প্রশংসা করেন৷