বাগমারায় তিন ক্লিনিকে অভিযান, জরিমানা
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ এলাকার তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদন না নিয়ে ব্যবসা পরিচালনা ও সার্বক্ষণিক চিকিৎসক না রাখার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে গতকাল সোমবার এই দণ্ড দেওয়া হয়। অনুমোদন নেওয়ার বিষয়ে মুচলেকা দেওয়ার পর এগুলোর পরিচালকদের ছেড়ে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভবানীগঞ্জের মোহনা, ফারজানা ও গ্রামবাংলা নামের তিনটি অনুমোদনহীন ক্লিনিকে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা চলছিল।
গতকাল সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামের নেতৃত্বে ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় আদালত কোনো চিকিৎসক ও ক্লিনিক পরিচালনার লাইসেন্স না পেয়ে তাঁদের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করেন এবং তিন পরিচালককে আটকের নির্দেশ দেন।
পরে আদালতের কাছে ১৫ দিনের মধ্যে লাইসেন্স নেওয়ার ও সার্বক্ষণিক চিকিৎসক রাখার ব্যবস্থা করার বিষয়ে মুচলেকা দিলে ক্লিনিক তিনটির পরিচালক যথাক্রমে লোকমান হাকিম, হাফিজুর রহমান ও মোস্তফা কামালকে ছেড়ে দেওয়া হয়।
ক্লিনিক তিনটির পরিচালকেরা জানান, তাঁরা ক্লিনিক পরিচালনার লাইসেন্সের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছেন। তবে এখনো লাইসেন্স পাননি।