
‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটিতে প্রান্তিক জনগোষ্ঠীকে বিশেষ করে নির্যাতনের শিকার নারীদের বিনা মূল্যে আইনি সহায়তা নিতে উদ্বুদ্ধ করা হয়।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
বরগুনা: সকাল সাড়ে নয়টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আদালত চত্বরে এসে শেষ হয়।
পরে আলোচনা সভা হয়। এতে জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার জেলা সভাপতি এবং জেলা ও দায়রা জজ মো. বারেকুজ্জামান সভাপতিত্ব করেন। এতে বক্তারা জাতীয় আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে গরিব-দুঃখী মানুষের আইনি সহায়তা দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন।
পাথরঘাটা (বরগুনা): বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় বেসরকারি সংগঠন আভাসের আয়োজনে জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারে, নাচনাপাড়ার বাঁশতলায়, রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ও পাথরঘাটা শহরে আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়।
সভায় আভাসের উপজেলা সমন্বয়ক নজরুল ইসলাম বলেন, দিবসটি পালনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে, বিশেষ করে নির্যাতিত নারীদের আইনি সহায়তা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহযোগিতায় নারীদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়া হচ্ছে।
সাতক্ষীরা: সকাল আটটার দিকে জেলা পুরাতন জজ কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। সেটি প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা নতুন জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। নয়টার দিকে জেলা জজ আদালত সম্মেলনকক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। সাড়ে নয়টায় জেলা নতুন জজ কোর্ট চত্বরে আলোচনা সভা হয়। এতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ জোয়ারদার আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
চুয়াডাঙ্গা: সকাল সাড়ে আটটার দিকে জেলা জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আইনজীবী সমিতির মিলনায়তনে জেলা ও দায়রা জজ শিরিন কবিতা আখতারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় জানানো হয়, চুয়াডাঙ্গায় আইনগত সহায়তা কমিটির তত্ত্বাবধানে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ১৪৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। ৫১৩টি মামলা বিচারাধীন।
নড়াইল: সকালে জেলা জজ আদালত চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং আইন সহায়তা প্রদান কমিটির সভাপতি আবুল বাশার মুন্সি। বক্তারা বলেন, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও কমিটির মাধ্যমে অসহায় ও দরিদ্রদের আইনগত সহায়তা দেওয়া হয়ে থাকে।
পিরোজপুর: সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা জজ আদালতের সামনে গিয়ে শেষ হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি আশিস কুমার দাস।
ভোলা: দিবসটি পালন উপলক্ষে মেলার আয়োজন করা হয়। সকাল ১০টার দিকে জজ আদালত চত্বরে শোভাযাত্রার মাধ্যমে মেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ। পরে আলোচনা সভা হয়। সভার সঞ্চালক ছিলেন সহকারী জজ জাকির হোসেন। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।