৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে মৎস্য ক্যাডারের একটি পদে প্রাণিবিদ্যা সংযুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গতকাল রোববার দুপুর ১২টার দিকে এ মানববন্ধন করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞাপনে মৎস্য ক্যাডারের উপসহকারী পরিচালক পদে ৬৪টি শূন্যপদের বিপরীতে আবেদন চাওয়া হয়। সেখানে যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য বিষয়ে স্নাতক সম্মান (অনার্স) অথবা প্রাণিবিদ্যায় (ফিশারিজ গ্রুপ) প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর চাওয়া হয়েছে।
এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে মাৎস্যবিজ্ঞান অনুষদের সব কটি বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমবেত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানববন্ধন করেন তাঁরা। সেখানে তাঁরা বিক্ষোভও করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩৭তম বিসিএসে মৎস্য ক্যাডারে সদ্য সৃষ্টি করা উপসহকারী পরিচালক পদে প্রাণিবিদ্যার গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। এ সিদ্ধান্ত মৎস্য খাতকে ধ্বংসের গভীর ষড়যন্ত্র বলে তাঁরা মনে করেন। ওই পদ থেকে প্রাণিবিদ্যা গ্র্যাজুয়েটদের বাদ না দিলে মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তাঁরা।