নিম্নমানের ওষুধ উত্পাদন ও বিক্রির অভিযোগে বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেডের মালিক মোহাম্মদ আলী খানকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিষ্ঠানটির তিন কর্মচারীর প্রত্যেককে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুর দুইটায় রাজধানীর ১৫২/১ গ্রিনরোডে নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশা পরিচালিত র্যাব-২-এর অভিযানে প্রতিষ্ঠানটির বিক্রয়কেন্দ্রের প্রায় ২৫ লাখ টাকার ওষুধ জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
অভিযানে উপস্থিত ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি মো. মাহাবুব হোসেন জানান, নিম্নমানের ওষুধ উত্পাদন ও বিক্রি করায় ২০১১ সালের ১৪ মার্চ বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেডের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছিল। এর পরও তারা ওষুধ উত্পাদন ও বিক্রি করছিল।
মাহাবুব হোসেন আরও জানান, একই কারণে ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশের নিম্নমানের ওষুধ উত্পাদনকারী ৬২টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছিল। তবে আইনি ফাঁকফোকরে এবং বেআইনিভাবে কিছু প্রতিষ্ঠান তাদের কার্যক্রম অব্যাহত রাখে।
তালিকায় থাকা অন্য সব ওষুধ উত্পাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে জানান মাহাবুব হোসেন। তিনি বলেন, মানসম্মত পরিবেশ না থাকা ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করায় এদের ওষুধের কার্যকর ভূমিকা রাখতে পারে না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
র্যাবের হাকিম আনোয়ার পাশা বলেন, নিম্নমানের ওষুধগুলোর গায়ের দাম উন্নত ব্রান্ডের ওষুধের দামের প্রায় সমান। কিন্তু বিক্রি করা হয় অর্ধেক দামে।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-২ এর মেজর হিমাদ্রি শেখর রায়।