ভাষা আন্দোলনের ৬৫ বছরে শহীদ রফিকের ম্যুরাল

মহান ভাষা আন্দোলনের ৬৪ বছর পর ভাষাশহীদ রফিক উদ্দিন আহমদের নিজ জেলা মানিকগঞ্জে তাঁর ম্যুরাল স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের রফিক চত্বরে এই ভাষাশহীদের ম্যুরাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক উদ্দিন আহমদের জন্ম জেলার সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের রফিকনগর গ্রামে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজের কাছে তিনি পুলিশের গুলিতে শহীদ হন। তাঁর নামে জেলা শহরের প্রধান সড়কটির নামকরণ করা হয় ‘শহীদ রফিক সড়ক’। তবে দীর্ঘদিন ধরে জেলা শহরের খালপার এলাকাকে রফিক চত্বর এবং সেখানে তাঁর ম্যুরাল নির্মাণে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি খালপার চার রাস্তার মোড় এলাকাকে রফিক চত্বর নামকরণ করা হয়। গতকাল ভাষাশহীদের ম্যুরাল উদ্বোধন করা হয়।
গতকাল বিকেলে রফিক চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদার সভাপতিত্বে জেলা প্রশাসক ছাড়াও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন খান, গণজাগরণ মঞ্চের জেলার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।
পৌরমেয়র কামরুল হুদা বলেন, পাঁচ লাখ টাকা ব্যয়ে ভাষাশহীদের ম্যুরাল স্থাপন ও স্থানটির সৌন্দর্য বর্ধন করা হয়। এখন থেকে রফিক চত্বরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত থাকবে। এসব অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলন, ভাষার জন্য রফিকের আত্মত্যাগ ও মুক্তিযুদ্ধের বিষয়ে নতুন প্রজন্মের তরুণেরা জানতে পারবে।