মিরপুরে আরও ১০ হাজার ফ্ল্যাট
রাজধানীর মিরপুরে আরও প্রায় ১০ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। তা বাস্তবায়নে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। এসব ফ্ল্যাট স্বল্প ও মধ্য আয়ের লোকদের মধ্যে বিক্রি করা হবে।
গতকাল সোমবার মিরপুরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নতুন একটি প্রকল্প পরিদর্শনকালে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। এ সময় তিনি মিরপুর ৯ নম্বর সেকশনে নির্মাণাধীন স্বপ্ননগর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। কাজের অগ্রগতি দেখে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন।
মোশাররফ হোসেন বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনে বাউনিয়া বাঁধের পাশে ৯২ একর জমির ওপর আট হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। ৮০০ বর্গফুট থেকে ১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাট ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ ভিত্তিতে নির্মাণ করা হবে। এ ছাড়া মিরপুর ৩ নম্বর সেকশনে ১ একর জমির ওপর বহুতল বিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে। এ ভবনের চারতলা পর্যন্ত হবে বাণিজ্যিক এবং ওপরে ১৫০টি আবাসিক ফ্ল্যাট থাকবে।
মন্ত্রী বলেন, মিরপুর ৯ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ফ্ল্যাট, একই সেকশনে স্বল্প ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য স্বপ্ননগর দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট ও স্বপ্ননগর তৃতীয় পর্যায়ের প্রকল্পে ৬২৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। মিরপুর ১ নম্বর সেকশনে একটি বহুতলবিশিষ্ট আবাসিক কাম বাণিজ্যিক ভবন, কল্যাণপুরে ১৬২টি আবাসিক ফ্ল্যাট ও বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন এবং টেকনিক্যালে বহুতলবিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।
পরিদর্শনকালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷