মেঘনার ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম। গতকাল বুধবার তিনি উপজেলা সদরের চর আলেকজান্ডার এলাকায় কাজের অগ্রগতি নিয়ে প্রকল্প-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
লক্ষ্মীপুর পাউবো সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাকে মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা করতে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় রামগতি
উপজেলা সদরের চর আলেকজান্ডার এলাকায় ভাঙন রোধের জন্য সেনাবাহিনীর ১৯ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে গত ১০ জানুয়ারি থেকে সাড়ে তিন কিলোমিটার সিসি ব্লক বাঁধ নির্মাণের কাজ চলছে।
গতকাল বাঁধ এলাকা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সাংসদ মো. আবদুল্লা আল-মামুন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক ইসমাইল হোসেন, প্রধান প্রকৌশলী নজির আহমদ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল ওহাব, লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী রাফিউস সাজ্জাদ উপস্থিত ছিলেন।