মেঘনা সেতুর টোল প্লাজার পাশের সড়কের দুরবস্থা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজার পাশ থেকে লঞ্চঘাট পর্যন্ত সড়কে বড় বড় গর্ত হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজার পাশ থেকে লঞ্চঘাট পর্যন্ত সড়কে বড় বড় গর্ত হওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজার পাশ থেকে লঞ্চঘাট পর্যন্ত সড়কটি এক বছর ধরে মেরামত করা হচ্ছে না। বড় বড় গর্ত হয়ে যাওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের হয়ে বৃষ্টির পানি জমে আছে। এলাকাবাসী বলেন, এ সড়ক দিয়ে বাস-ট্রাকসহ অসংখ্য গাড়ি চলাচল করে। এ সড়ক ব্যবহার করে মেঘনা লঞ্চঘাট দিয়ে নদীপথে কুমিল্লার মেঘনা, হোমনা ও দাউদকান্দি উপজেলার চরাঞ্চলের একাংশের মানুষ ঢাকা-নারায়ণগঞ্জ যাতায়াত করে। পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ, প্রতাপেরচর, ঝাউচর গ্রামের মানুষও এ সড়ক দিয়ে আসা-যাওয়া করে। এ সড়কের আশপাশের এলাকায় মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ এবং প্রতাবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এ ছাড়া স্থানীয় ১০টি শিল্পপ্রতিষ্ঠানের বড় বড় ট্রাক এ সড়ক দিয়েই আসা-যাওয়া করে।
মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী নওরিন সুলতানা ও আবিদ আজাদ বলেন, দুরবস্থার জন্য রিকশাচালকেরা এ সড়কে যেতে চান না। হেঁটে কষ্ট করে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হয়।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমান বলেন, সড়কটি নারায়ণগঞ্জ সড়ক বিভাগের অধীনে। তাই সড়কটির মেরামত তাঁরা করতে পারছেন না।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জাকিরুল আলম বলেন, মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ না আসায় তাঁরা সড়কটি মেরামত করতে পারছেন না।

ইউএনও আবু নাছের ভূঞা বলেন, এলাকাবাসী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা এ সড়কটি জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য তাঁর কাছে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি সওজের প্রকৌশলীদের জানিয়েছেন।