মেয়েটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরা পারভীন
মনিরা পারভীন

আট-নয়জন মিলে কিল-ঘুষি। চুল ধরে টানাটানি। ইট, ক্রিকেট খেলার স্টাম্প ও কাঠ দিয়ে মাথায় আঘাতের পর আঘাত। দিনের আলোয় অনেকের চোখের সামনে মনিরা পারভীনের (২২) ওপর অত্যাচার চলছিল। কেউ নির্যাতন থামাতে এগিয়ে আসেনি। নির্যাতনের এক দিন পর ২২ জুন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মনিরা।
দরিদ্র পরিবারের মনিরাকে ১৮ জুন বিয়ে করেন ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তান নাসির হোসেন। নাসিরের পরিবারের শর্ত ছিল, ১০ লাখ টাকা দিলে এই ‘অসম’ বিয়ে মেনে নেবে। মনিরার পরিবার তা দিতে পারেনি।
মনিরার বাবা অটোরিকসার চালক মো. মোস্তফা খিলক্ষেত থানায় নাসিরসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ নাসির ও তাঁর চাচা মুন্তাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিরা পলাতক বলে দাবি করছে পুলিশ।
রাজধানীর খিলক্ষেত থানার বরুয়া পশ্চিমপাড়ার লাহনিয়ায় পরিবারের সঙ্গেই থাকতেন নিকুঞ্জ মডেল কলেজের ছাত্রী মনিরা। এজাহারে বলা হয়, তিনি ১৮ জুন ওষুধ কিনতে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন মোস্তফা জানতে পারেন, মেয়েকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছেন নাসির। নাসিরের বাবা হাছেন আলীর সঙ্গে দেখা করে মেয়েকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন মোস্তফা। হাছেন আলী বলেছিলেন, ১০ লাখ টাকা যৌতুক না দিলে তাঁকে ও মনিরাকে মেরে ফেলবেন।
এজাহারে আরও বলা হয়, যৌতুক না দেওয়ায় নাসিরের বাবা হাছেন আলী, মা নার্গিস আক্তার, বড় বোন হাসিনা, হাসিনার স্বামী মিলন মিয়া, মিলনের ভাই দেলোয়ার, নাসিরের চাচাতো ফুফু মনোয়ারা বেগম, চাচা দ্বীন ইসলামসহ কয়েকজন মনিরাকে মারধর করে হত্যা করেছেন। গত শনিবার ঢাকা মেডিকেলে নাসির সাংবাদিকদের বলেছিলেন, মনিরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। বিয়ের পর এক বন্ধুর বাসায় ছিলেন। পরিবারের আশ্বাসে বাসায় ফিরলে এই নির্যাতনের ঘটনা ঘটে। তিনিসহ কয়েকজন মনিরাকে হাসপাতালে নিয়ে যান।
সোমবার মনিরার বাসায় গেলে বাবা মোস্তফা বলেন, ‘নাসির আমার মেয়েকে পছন্দ করত। তবে নাসিরের পরিবারের লোকজন মেয়েকে লেলিয়ে দেওয়ার কথা বলে প্রায় সময় আমাকে মেরে ফেলার হুমকি দিত। অঘটনের ভয়ে আমি মেয়ের কলেজে যাওয়াও বন্ধ করে দিছিলাম।’
লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, মনিরার ডান চোখের পাশে, হাঁটু ও মাথায় কালো জখম রয়েছে। ময়নাতদন্তকারী ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক প্রদীপ বিশ্বাস বলেন, ‘মাথায় মারাত্মক আঘাতেই মনিরার মৃত্যু হয়েছে। মাথার একটি হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ ঘটেছে।’
যেভাবে নির্যাতন: কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নাসির মনিরাকে নিয়ে বাসার সামনে আসামাত্রই স্বজনেরা নাসিরকে মেরে বাসায় ঢুকিয়ে দেন। শুরু হয় মনিরার ওপর হামলা। তাঁরা মাথায় ইট ও স্টাম্প দিয়ে আঘাত করেন। দৌড় দেন মনিরা। নাসিরের চাচা দ্বীন ইসলাম কাঠ দিয়ে তাঁর পায়ে আঘাত করেন। মনিরা পড়ে যান। সবাই মিলে তাঁর চুল ধরে ছেঁচড়াতে থাকেন। আবারও দৌড় দেন তিনি। দৌড়ে বালুর মাঠে গিয়ে অচেতন হয়ে পড়ে যান মনিরা।
একাধিক প্রত্যক্ষদর্শী বলেছেন, নির্যাতনের এ দৃশ্য দেখলেও তাঁরা এগিয়ে যেতে সাহস করেননি। ‘কেন’ জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এঁদের একজন বলেন, নাসিরের বাবা, চাচাসহ আত্মীয়স্বজন পাশাপাশি বাসায় থাকেন। এলাকায় তাঁরা বেশ ধনী ও প্রভাবশালী।
মনিরার বাসার পাশে বালুর মাঠ। মাঠের দক্ষিণে নাসিরের বাসা। নাসির নিকুঞ্জ মডেল কলেজে উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। তবে পরীক্ষা দেননি। নাসিরের বাসায় গিয়ে দেখা যায়, পাশাপাশি কয়েকটি পাকা বাড়ির সব কটিই তালাবদ্ধ। তবে একটি বাসার মুন্নি বেগম নামের এক নারী নিজেকে নাসিরের চাচি পরিচয় দিয়ে বলেন, ঘটনার দিন তিনি ছিলেন না। মনিরার ওপর নির্যাতনের কথা তিনি শুনেছেন।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, বাকি আসামিরা পলাতক। গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মনিরার বাবার অভিযোগ, আসামিরা এলাকায়ই আছেন।