যেভাবে পাবেন আপনার গাড়ির ডিআরসি

মোটরযানের মালিক, চালক, নিয়ন্ত্রক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চালু করেছে ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতি। গাড়ির বৈধতার জন্যই এই রেজিস্ট্রেশন করা প্রয়োজন বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার ডিএমপির নিউজে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই নতুন ব্যবস্থা যানবাহন সেক্টরের সেবার মান এবং বিআরটিএর সামর্থ্য ও কর্মদক্ষতা বৃদ্ধির সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিও নিশ্চিত করবে।

মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন কী?

পেপারবুক ফরম্যাটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বদলে এবং নতুন রেজিস্ট্রেশন করা মোটরযানের ইলেকট্রনিক চিপযুক্ত উচ্চ নিরাপত্তা ফিচারসমৃদ্ধ ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদান করা হচ্ছে। ডিআরসি পেতে নির্ধারিত ফি জমা দিলে গ্রাহককে বায়োমেট্রিক্স (চার আঙুলের ছাপ, ডিজিটাল ছবি ও স্বাক্ষর) করার জন্য খুদে বার্তা বা এসএমএসের এর মাধ্যমে অবহিত করা হয়। এসএমএস করেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। ডিআরসি তৈরি হলে গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানানো হয় এবং একইভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গ্রাহক নির্ধারিত সময়ে ডিআরসি গ্রহণ করতে পারেন।

ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের বায়োমেট্রিক্স প্রদানের জন্য যেসব কাগজপত্র আনতে হয় সেগুলো হলো-

১। ডিআরসির জন্য প্রযোজ্য ফি জমা রসিদের মূল কপি (৫৫৫/-) ও এক সেট ফটোকপি (A4 সাইজ)

২। রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রাপ্তিস্বীকার রসিদের মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ)

৩। জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড)/মেশিন রিডেবল পাসপোর্টের মূল কপিসহ এক সেট ফটোকপি


কীভাবে ডিআরসির জন্য বায়োমেট্রিক্স দিতে অ্যাপয়েন্টমেন্ট নেবেন:

মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NPSpace>BDate টাইপ করে ৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। ধরুন আপনি ১৫ ফেব্রুয়ারি তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে যান। সে ক্ষেত্রে NP B ১৫ লিখে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। উল্লেখ্য এসএমএসের (পছন্দ তারিখ) ক্ষেত্রে মাস, বছর, লেখার প্রয়োজন নেই। আপনার মোবাইলে ফিরতি মেসেজে উল্লেখিত সময়ে এসে বায়োমেট্রিক্স প্রদান করা যাবে।

খ) ডিআরসি গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি:

মোবাইলের এসএমএস অশনে গিয়ে NPCDate টাইপ করে ৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। ধরুন আপনি চান ২০ ফেব্রুয়ারি তারিখের জন্য APPOINTMENT করতে। সে ক্ষেত্রে NP B ২০ লিখে ৬৯৬৯ নম্বরে প্রেরণ করতে হবে। ফিরতি ম্যাসেজ পাওয়ার পর উল্লেখিত সময়ে এসে ডিআরসি গ্রহণ করা যাবে। নির্ধারিত তারিখে সার্টিফিকেট গ্রহণ করা সম্ভব না হলে একই পদ্ধতিতে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে।

গ) ডিআরসির প্রতিলিপি (মূল কপি হারিয়ে গেলে) পেতে যা করতে হবে:

১। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে
২। প্রযোজ্য ফি জমাদানের রসিদ নিতে হবে।


সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ইংরেজিতে নাম, পিতা/স্বামীর নামসহ পূর্ণ ঠিকানা ও ৩ (তিন) কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ ফরমের অন্য সব তথ্য প্রদান করতে হবে। গাড়িটি কোম্পানি, ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠানের মালিকানাধীন হলে তাদের নিজস্ব লেটার হেড প্যাডে চিঠি, সংশ্লিষ্ট ফরমে নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাসহ অন্যান্য তথ্য দিতে হবে।

গাড়ির নম্বরসহ ফি জমা রসিদ প্রদর্শন এবং ট্যাক্স, ফিটনেস ও রুট পারমিটের (প্রযোজ্য ক্ষেত্রে) হালনাগাদ ফটোকপি, হালনাগাদ না থাকলে গাড়ি সরেজমিনে পরিদর্শনের জন্য অফিসে হাজির করতে হবে। যদি রেজিস্ট্রেশন সনদ হারিয়ে যায়, তবে নিচের তথ্যগুলো দিতে হবে—

১.থানার জিডির কপি
২. নন এফআইআর মামলা-সংক্রান্ত পুলিশের ট্রাফিক বিভাগের ছাড়পত্র
৩. আবেদনকারীর স্বাক্ষরের গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্রে স্বাক্ষর প্রদান ইত্যাদি।

এ ছাড়া প্রয়োজনীয় তথ্য জানতে হেল্প লাইনের ‘০১৭৯০-৫৪০২১০, ০১৭৯০-৫৪০২১১’ ( সরকারি ছুটি ও সাপ্তাহিক বন্ধের দিন ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) নম্বরে যোগাযোগ করতে পারবেন গ্রাহক।