রাজশাহী থিয়েটারের ৩০ বছর পূর্তি উৎসব

‘রাজশাহী থিয়েটারের ৩০ বছর পথে-মঞ্চে মুক্তনাট্য উৎসব’ শিরোনামে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরের বড়কুঠি এলাকায় অবস্থিত মুন্সগার্ড পার্ক মুক্তমঞ্চে ৩০টি ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে নগরের তিনটি মঞ্চে বিভিন্ন সংগঠনের ৪৩টি নাটক মঞ্চস্থ হয়। মঞ্চ তিনটি হচ্ছে—লালন শাহ পার্ক মুক্তমঞ্চ, মুন্সগার্ড পার্ক মুক্তমঞ্চ ও আলুপট্টির মোড় বঙ্গবন্ধু চত্বরে তৈরি করা মঞ্চ।
প্রথম দিন লালন শাহ পার্ক মঞ্চে রাজশাহী থিয়েটারের নাটক মানিকজোড়, ইলা মিত্র শিল্পী সংঘের কোথায় গেল মঞ্চস্থ হয়। একই সময়ে নগরের বড়কুঠি এলাকায় অবস্থিত মুন্সগার্ড পার্ক মঞ্চে রাজশাহী থিয়েটারের নাটক দাঁতের লড়াই, মঞ্চকথার কিপ্টে বেচারাম মঞ্চস্থ হয়। সন্ধ্যার পরে নগরের আলুপট্টির মোড়ে বঙ্গবন্ধু চত্বরে দাঁতের লড়াই, কিপ্টে বেচারাম ও মানিকজোড় মঞ্চস্থ হয়। পরের চার দিনে পদ্মা বড়াল থিয়েটার, অনুশীলন, সতীর্থ, রুডা, সমকাল ও মহারানি হেমন্ত কুমারী হিন্দু হোস্টেলের নাটক মঞ্চস্থ হয়।
‘সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যকার মলয় ভৌমিক, বর্ষীয়ান নাট্যগুরু বজলুর রহমান, শাহীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম-গঞ্জ ও আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক চর্চাটা উঠে যাচ্ছে। শিক্ষার্থীরা শুধু কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ার শিক্ষার ভেতর দিয়ে এগোচ্ছে। এ জন্য তারা পরিপূর্ণ মানুষ হয়ে উঠছে না।