লিমনসহ চার আসামি রিমান্ডে
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাইফুল আলম ওরফে লিমন ও তাঁর তিন সহযোগীকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদ করতে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিকে লিমনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হলে তাঁর অনুসারীরা মুক্তি চেয়ে আদালতের বারান্দায় স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আসামি লিমন, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম ও আজিজুল হককে জিজ্ঞাসাবাদ করতে খুলশী থানার পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার রাতে লালখান বাজার এলাকার বাসা থেকে লিমন, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম ও আজিজুল হককে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করে র্যাব। পরদিন র্যাব-৭-এর সহকারী পরিচালক আবদুল মজিব বাদী হয়ে অস্ত্র আইনে চারজনকে আসামি করে থানায় মামলা করেন।
২০১৩ সালের ২৪ জুন দরপত্র নিয়ে সিআরবির সামনে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়। এ ঘটনায় লিমনসহ ৬২ জনের বিরুদ্ধে ২৩ নভেম্বর অভিযোগপত্র দেয় ডিবি। পরে আদালতের নির্দেশে মামলাটির অধিকতর তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।