সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখা যাবে না: মেয়র আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে নির্মাণকাজ চালান। নির্মাণকাজে ব্যবহৃত বালু নালায় গিয়ে নালা ভরাট করে ফেলে। তিনি নির্মাণসামগ্রী সাইটের ভেতরে রেখে নিয়মতান্ত্রিক পন্থায় নির্মাণকাজ সম্পন্ন করার জন্য নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সম্মেলনকক্ষে নির্মাণসামগ্রী অপসারণের বিষয়ে নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিহ্যাবের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র এসব কথা বলেন।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক বলেন, নির্মাণ প্রতিষ্ঠানগুলো ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজনের নির্মাণসামগ্রী নিয়ে ঢাকা শহরের রাস্তায় চলাচল করে। এতে করে রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়ে যায়।
ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম বলেন, নির্মাণ প্রতিষ্ঠানগুলো সড়কের ওপর রড কেটে ক্ষতি করে।
রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, পর্যাপ্ত জায়গা না থাকায় নির্মাণকাজের প্রাথমিক পর্যায়ে সড়কে মালামাল রাখার প্রয়োজন হয়। একতলা নির্মাণের পর নির্মাণসামগ্রী সাইটের ভেতরে রাখা যায়।
সভায় রিহ্যাব নেতারা ছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ডিএনসিসির পক্ষ থেকে রিহ্যাব প্রতিনিধিদের কয়েকটি বিষয় অনুসরণের আহ্বান জানানো হয়। তার মধ্যে দিনের বেলায় সড়কের ওপর নির্মাণসামগ্রী না রাখা, শব্দ তৈরি হয় এমন কোনো কাজ রাতের বেলায় না করা, সড়কে কোনো কাদা সৃষ্টি না করা, প্রতিদিন নির্মাণসামগ্রী ও নির্মাণবর্জ্য নিজ দায়িত্বে অপসারণ করা অন্যতম।