মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন
স্থাবর সম্পত্তি অধিগ্রহণ করলে মূল্যের তিন গুণ ক্ষতিপূরণ
সরকার যদি কারও স্থাবর সম্পত্তি অধিগ্রহণ বা হুকুমদখল করে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নির্দিষ্ট দামের তিন গুণ টাকা দিতে হবে। অর্থাৎ কোনো জমির দাম এক লাখ টাকা হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি পাবেন মোট তিন লাখ টাকা। ক্ষতিপূরণ দেওয়ার সময় ১২ মাসের জমি কেনাবেচার দলিলের গড় বিবেচনায় নিয়ে জমির দাম নির্ধারণ করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৬’-এর যে খসড়া নীতিগত অনুমোদন পেয়েছে, তাতে ক্ষতিপূরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এত দিন জমি অধিগ্রহণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হতো ১৯৮২ সালের একটি অধ্যাৈদেশ অনুযায়ী। সামরিক শাসনামলে জারি করা ওই অধ্যাখদেশ উচ্চ আদালতের নির্দেশে বাংলা করা হয়েছে। পাশাপাশি ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে একটি নতুন আইন করা হচ্ছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেড় গুণের মধ্যে আছে, নতুন আইন হলে সেটা তিন গুণ হবে।
ব্রিফিংয়ে বলা হয়, ভূমি-সংক্রান্ত আইনটি ‘জটিল’ বিবেচনা করে খসড়াটি আরও যাচাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করতে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দিয়েছে মন্ত্রিসভা। ওই কমিটিতে ভূমিসচিব ও প্রতিরক্ষাসচিব থাকবেন, প্রয়োজনে কমিটিতে আরও সদস্যয নেওয়া যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোন উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ করা হবে, তা স্পষ্ট করতে আইনে ‘পাবলিক পারপাস’ (জনউদ্দেশ্যে) ও ‘পাবলিক ইন্টারেস্ট’ (জনস্বার্থে)—এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এগুলোর সংজ্ঞা ও বিশ্লেষণ আইনে পরিষ্কার করতে বলা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের কিছু নির্দেশনা আছে, যেগুলো আইনে সন্নিবেসিত করতে বলা হয়েছে।
বৈঠক সূত্র জানায়, ইউনেসকোর ঘোষিত ঐতিহ্যের তালিকায় এবার বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা স্থান পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী ঐতিহ্যবাহী মিষ্টি, নকশিকাঁথাসহ অন্যান্য পণ্যগুলো যাতে ঐতিহ্যের তালিকায় স্থান পায়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়কে পরামর্শ দেন।
বৈঠকে পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১৬ আইন আকারে জারির প্রস্তাব ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস আইন, ২০১৬-এর খসড়া মন্ত্রিসভা অনুমোদন করেছে। বৈঠকে কিউবার কমিউনিস্ট বিপ্লবের মহান নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।