হাইকোর্টে কাগজের কার্যতালিকা অব্যাহত রাখার দাবি

হাইকোর্ট বিভাগের দৈনন্দিন কার্যতালিকা কাগজে ছাপানো অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। সংগঠনটির নবনির্বাচিত সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেছেন, কাগজের কার্যতালিকা থাকতে হবে। এর সঙ্গে আইনজীবীদের রুটি-রুজি জড়িত। এ ব্যাপারে আইনজীবীরা সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। 

একই বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আর সংগঠনটির নবনির্বাচিত সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, এ ব্যাপারে শিগগির জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন।

আজ রোববার সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় তাঁরা এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন সংগঠনটির সাবেক নেতারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ আটটি পদে জয় পেয়েছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ । সম্পাদকসহ ছয়টি পদে জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল।
গত ২৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি কাগজে দৈনন্দিন কার্য তালিকা প্রকাশ সম্পূর্ণ বন্ধ করে অনলাইনে কার্যতালিকা চালু করা হবে। তখন আইনজীবীদের দাবির মুখে ১৪ দিন কাগজে ছাপানো কজলিস্টের মেয়াদ বাড়ানো হয়। এরপর আরও এক দফা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার কাগজে দৈনন্দিন কার্য তালিকা ছাপানো হয়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অনলাইনে দৈনন্দিন কার্য তালিকা দেওয়া হয়েছে। কাগজের কার্যতালিকা ছাপানো হয়নি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, কার্যতালিকা কাগজে ছাপানো বন্ধ করা চলবে না। কার্যতালিকা দেখেন মহুরিরা। তাঁরাই সকালে আইনজীবীদের জানান কোন মামলা কার্যতালিকায় এসেছে। আমাদের অধিকাংশ মহুরির কম্পিউটার নেই। আবার অনেক আইনজীবীও অনলাইনে দেখতে অভ্যস্ত নন। সে ব্যবস্থাও অনেকের নেই। যে কারণে কাগজে ছাপানো কার্যতালিকা না থাকলে আইনজীবীরা চরম সমস্যার সম্মুখীন হবেন। তাই কাগজে ছাপানো কার্যতালিকা থাকতে হবে।

সাধারণ সভায় নবনির্বাচিত সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন কমিটির বিদায়ী নেতারা। সংগঠনটির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনজীবীদের বহুতল ভবন নির্মাণ জরুরি। জায়গার অভাবে আইনজীবীরা বিভিন্ন ধরনের বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। নবনির্বাচিত সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, আইনজীবীদের কল্যাণে তিনি কাজ করে যাবেন। কথার চেয়ে কাজ গুরুত্বপূর্ণ। আইনজীবীদের সব ধরনের সমস্যা সমাধানে তিনি কাজ করে যাবেন।
ভুয়া আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে মাহবুব উদ্দিন খোকন বলেন, এক ভুয়া আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সন্দেহের তালিকায় আছেন আরও ১৫ জন ভুয়া আইনজীবী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী হারুন অর রশীদ, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, সাহারা খাতুন, শ ম রেজাউল করিম প্রমুখ।