হেলথ কেয়ার ও এমএসডির যৌথ কার্যক্রম শুরু

বাংলাদেশের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (এইচপিএল) সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে রোগীদের জন্য সেবার পণ্য নিয়ে আসার কাজ শুরু করেছে এমএসডি ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড (এমএসডি)। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগ বিষয়ক শিক্ষা ও সচেতনতা সৃষ্টি এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করেছে এমএসডি এবং এইচপিএল। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে নতুন কার্যক্রম শুরু করার পরিকল্পনার মধ্যে রয়েছে নানা রকম ওষুধ। ইতিমধ্যে ভ্যাকসিন ক্যাটাগরিতে ৩ ধরনের নতুন পণ্য বাজারে এসেছে। তিনটি ভ্যাকসিনের মধ্যে রয়েছে, ক্যানসার প্রতিষেধক, শিশুদের ডায়রিয়া প্রতিরোধে রোটা ভাইরাস ভ্যাকসিন এবং নিউমোনিয়া ভ্যাকসিন। কর্মকর্তারা জানান, আরও বেশ কিছু ভ্যাকসিন বাজারজাত করার কাজ চলছে।
তাঁরা জানান, এই নতুন অংশীদারত্ব বাংলাদেশের রোগীদের জন্য বিশ্বের সেরা মানের এবং প্রথম শ্রেণির চিকিৎসা সেবা পণ্য ব্যবহারের সুযোগ সৃষ্টি করে দেবে। এই অংশীদারত্বের মাধ্যমে, এমএসডি ভ্যাকসিন এবং বিভিন্ন থেরাপিউটিক শ্রেণির ৫টি নতুন পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে এমএসডি দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক কে. জি. আনান্থা কৃষ্ণাণ বলেন, ‘হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে আমরা কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করতে পেরে আনন্দিত। এর ফলে এমএসডির সেরা মানের উদ্ভাবনী পণ্য এবং বিশেষজ্ঞ বৈজ্ঞানিক সহযোগিতায় বাংলাদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা প্রদানে আরও সুযোগ বৃদ্ধি করবে।’
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, ‘এমএসডির পণ্য বাংলাদেশে আনার ব্যাপারে তাদের সঙ্গে হাত মেলাতে পেরে আমরা গর্বিত। আমি নিশ্চিত, সারা দেশে আমাদের শক্তিশালী অবস্থানের সঙ্গে এমএসডির উদ্ভাবনী পণ্যর সমন্বয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখতে সক্ষম হব।’