২ লাখ সদস্যের মাইলফলক ছুঁয়ে ফেলেছে 'উই'

অনলাইনে নারীদের ই-কমার্স গ্রুপ ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম (উই) মাত্র ১০ মাসে দুই লাখ সদস্যের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। ২০১৭ সালের ২৫ অক্টোবর উইয়ের বর্তমান প্রেসিডেন্ট নাসিমা আকতার নিশা গ্রুপটি খোলেন। ইক্যাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রাজীব আহমেদ শুরু থেকেই গ্রুপের উপদেষ্টা হিসেবে ছিলেন। ২০১৯ সালের ১৮ আগস্ট নাসিমা আকতার নিশার অনুরোধে উই পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে গ্রুপের অ্যাক্টিভিটি বাড়তে শুরু করে। পরিসংখ্যানে দেখা যায় ১৫ জুন, এক দিনেই গ্রুপে ১ লাখ ৬০ হাজার আইডি থেকে লগ ইন করা হয়। লাইক এসেছে ৭ লাখ ৮৯ হাজার। কমেন্ট ৩ লাখ ৫৫ হাজার। গ্রুপে প্রতি ৬ সেকেন্ড ১টি করে পোস্ট অ্যাপ্রুভ হয়।

ওমেন অ্যান্ড ই কমার্স ফোরাম (উই) দুই লাখ সদস্যের মাইলফলক পেরিয়ে যাওয়ায় গতকাল মঙ্গলবার বিকেলে সদস্যদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে জুম ক্লাউড লাইভে আসেন গ্রুপের প্রেসিডেন্ট, উপদেষ্টা এবং মডারেটররা। গ্রুপের অ্যাকটিভ সদস্যরাও ভিডিও বার্তায় মাধ্যমে তাঁদের অনুভূতি শেয়ার করেন। একজন উদ্যোক্তা বলে আমরা ভয় পেতে ভালোবাসি। গ্র্যাজুয়েশন করে চাকরি না পেলে ঘরে বসে থাকি। কিন্তু উই নারীদের সংকোচ কাটিয়ে নারীদের আত্মবিশ্বাসী করে তুলেছে।

নাসিমা আকতার নিশা এবং রাজীব আহমেদের অক্লান্ত শ্রমে এই প্ল্যাটফর্ম এত দূরে এসেছে বলে অনুভূতি জানান গ্রুপের ইসি কমিটির সদস্য লিমা কবির।

এ সময় উইয়ের উপদেষ্টা রাজীব আহমেদ বলেন, দেশি পণ্যের ই-কমার্স সদস্যদের কথা চিন্তা করে উই গঠিত হয়েছে। এটি এখন বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী এবং অ্যাকটিভ নারী উদ্যোক্তাদের গ্রুপ। বিদেশি কোনো পণ্যের পোস্ট গ্রুপে দেওয়া যায় না। এটা কোনো সরাসরি কেনাবেচার জায়গাও নয়। কিন্তু করোনার মধ্যেও উইয়ের সদস্যরা প্রতিদিন তিন থেকে পাঁচ লাখ টাকার দেশি পণ্য কেনাবেচা করেন। সদস্যরা তাঁদের নিজেদের এবং পণ্যের পরিচিতির ভিত শক্ত করছেন উইয়ে সক্রিয় থাকার মাধ্যমে। করোনা–পরবর্তী উইয়ের সদস্যদের দেশের বাইরে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানান তিনি।

গ্রুপের আরেকজন উপদেষ্টা ‘সিল্ক ওক গ্লোবাল লিমিটেড’–এর প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু বলেন, গ্রুপের সদস্যসংখ্যা বাড়া মানে একতাবদ্ধ হয়ে থাকার ভিত শক্ত করা। আর দেশের পণ্য নিয়ে বিদেশে যাওয়ার চেয়ে বিদেশিরা যেন ঘরে এসে পণ্য কেনেন, সেই ব্যবস্থা করবেন তিনি। বাড়িতে বসেই বিদেশে পণ্য বেচার সুযোগ পাবে উইয়ের সদস্যরা।

বাংলাদেশের হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডিরেক্টর এবং সেক্রেটারি হোসনে আরা বেগম নারীদের উদ্দেশে বলেন, হাতের নাগালে দেশীয় পণ্য সহজলভ্য থাকায় দেশীয় পণ্য অনলাইনে বিক্রি করা সহজ নয়। করোনার সময়ে ঘরে বসেই নারীদের এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আকতার নিশা বলেন, ‘আমার কাছে ভালোবাসা, আস্থা, সাহস আর দেশপ্রেমের নাম উই। ছোট একটি পরিসর থেকে উই আজ অনেক বড় হয়ে গেছে। এই প্ল্যাটফর্মকে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি এখন। সামনে উইয়ের নারীদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা তাঁদের ব্যবসায়িক কাজে আরও বেশি পারদর্শী হয়ে ওঠেন। সদস্যদের জন্য আরও সুযোগ বৃদ্ধির কথা বলেন তিনি। উই থেকে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছেন তিনি। গ্রুপের সব সদস্যকে তিনি অভিনন্দন জানান এবং গ্রুপের মডারেটরদের বিশেষভাবে ধন্যবাদ দেন।