৫৪ ধারায় গ্রেপ্তার নেই

ঢাকা মহানগরীতে প্রতিদিন দুই থেকে চারজন ৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেত। সেখানে সন্দেহজনকভাবে আটক হয়ে আজ বুধবার কাউকে কারাগারে যেতে হয়নি। কারণ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তার করেনি।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ৫৪ ধারায় আজ কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে হঠাৎ কেন আজ কেউ গ্রেপ্তার হলো না। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ ধরা পড়েনি।
পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছর আজ পর্যন্ত ৫৪ ধারায় ২১২ জন আসামিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
৫৪ ধারায় ভাষ্য হলো, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশের কোনো ব্যক্তিকে আটক করার ক্ষমতা। শুধু সন্দেহের বশবর্তী হয়ে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা।
পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারা সংশোধনের নির্দেশনা দিয়ে প্রায় ১৩ বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। আইনজ্ঞরা বলছেন, সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ৫৪ ও ১৬৭ ধারার অপপ্রয়োগ বন্ধ হবে। ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ স্বেচ্ছাচার করতে পারবে না। আবার এই ধারায় গ্রেপ্তার কাউকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না। পুলিশ কর্মকর্তারা বলছেন, ৫৪ ধারায় গ্রেপ্তার করা নিয়ে পুলিশ সিদ্ধান্তহীনতায় রয়েছেন। যে কারণে আজ এ ধারায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এ ব্যাপারে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক সারা হোসেন প্রথম আলোকে বলেন, ৫৪ ধারা কিন্তু বাতিল হয়নি। আমরা শুধু বলেছিলাম, ৫৪ ধারার অপপ্রয়োগ হচ্ছে। ১৬৭ ধারারও অপপ্রয়োগ হচ্ছে। অপপ্রয়োগ বন্ধের জন্য কিছু দিক নির্দেশনা চাওয়া হয়েছিল। কিন্তু হাইকোর্ট ১৩ বছর আগে নির্দেশনা দিয়েছিলেন। যা ১৩ বছর ধরে বহালও আছে।
হাইকোর্টের দেওয়া রায়ে নির্দেশনাগুলোর মধ্যে ছিল, ৫৪ ধারায় গ্রেপ্তার কাউকে নিবর্তনমূলক আটকাদেশ দেওয়া যাবে না। কাউকে গ্রেপ্তার করার সময় পুলিশ তাঁর পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। গ্রেপ্তারের তিন ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কারণ জানাতে হবে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে কারাগারের ভেতরে কাচ দিয়ে নির্মিত বিশেষ কক্ষে জিজ্ঞাসাবাদ করতে হবে। কক্ষের বাইরে তাঁর আইনজীবী ও নিকটাত্মীয় থাকতে পারবেন। জিজ্ঞাসাবাদের আগে ও পরে ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষা করাতে হবে।
সর্বশেষ গতকাল মঙ্গলবার একজন আসামিকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। ওই লোকের নাম একরামুল হক। তার বয়স ত্রিশ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পাশে ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির কারণে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ। তাকে আদালতে পাঠিয়ে পুলিশ প্রতিবেদন দিয়ে বলে, একরাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে আসা বিভিন্ন লোকজনকে বিভিন্ন কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকাপয়সা হাতিয়ে নেয়। পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়, তদন্ত করে এই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে একরামুল হক কারাগারে আছেন।
আরও পড়ুন: