অনিয়ম বন্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার নামে দেশজুড়ে অবৈধ শাখা-ক্যাম্পাসের মাধ্যমে অব্যবস্থাপনা, দুর্নীতি ও নৈরাজ্য বন্ধের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করেছে। মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।এক সদস্যের এই কমিশনে রয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক। কমিশনকে বিশ্ববিদ্যালয়টির যথাযথ কর্তৃপক্ষ নির্ধারণ করা ছাড়াও শিক্ষার মান, অবৈধ শাখা-ক্যাম্পাস ও বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করে দায়দায়িত্ব নিরূপণ করতে হবে। কমিশনকে তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশ ও তা বাস্তবায়নের উপায় নির্ধারণ করে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কমিশনের সাচিবিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব অথবা তাদের মনোনীত সচিবের সমপদমর্যাদার একজন কর্মকর্তা।শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, পাঁচ বছরের মধ্যে পাঁচ একর জায়গায় নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার শর্তে ১৯৯৩ সালে ঢাকার ধানমন্ডিতে কার্যক্রম পরিচালনার সাময়িক অনুমোদন পায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই শর্ত পূরণ করা হয়নি; বরং বিশ্ববিদ্যালয়টির মূল ট্রাস্টি চার ভাগে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে শাখা-ক্যাম্পাস (আউটার) স্থাপন করে শিক্ষার নামে ব্যবসায় লিপ্ত রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা-ক্যাম্পাস ও দূরশিক্ষণ-পদ্ধতির কার্যক্রম বাতিল করা হলেও এই বিশ্ববিদ্যালয়ের নামে দেশজুড়ে ৮৪টি শাখা-ক্যাম্পাস থাকার তথ্য পাওয়া গেছে।মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্র জানায়, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টির চারটি পক্ষের একটির নেতৃত্বে আছেন এ এ বজলে রাব্বি। এই পক্ষের ক্যাম্পাস সাভারের গণকবাড়িতে। আবুল হোসেনের নেতৃত্বাধীন পক্ষ উত্তরায় এবং মো. আকবরউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন পক্ষ ঢাকার বিভিন্ন স্থানে ক্যাম্পাস খুলেছে। ধানমন্ডির মূল ক্যাম্পাসে আছে আরেকটি পক্ষ।