আ.লীগ নেতাদের দখলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতি উপেক্ষা করে বরিশালের প্রায় সব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদে ক্ষমতাসীন দলের নেতাদের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা, সরকারি দলের সমর্থক, একাধিক মামলার আসামি ও ব্যবসায়ীরা বেশির ভাগ ক্ষেত্রে ওই সব পদে আসীন।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত বরিশালের সব বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা তাদের মনোনীত কেউ। গত আড়াই বছরে এ চিত্র পাল্টে গেছে। এই সময়ের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলোর পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার পরপরই সেখানে দলীয় নেতা-কর্মীরা ঠাঁই করে নিয়েছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের ১১-এর ঘ ধারা মতে, ফৌজদারি অপরাধে দণ্ডিত কেউ কমিটির সদস্য থাকতে পারবেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরের কাশিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি করা হয়েছে পুলিশ ও র‌্যাব সদস্যদের মারধর করাসহ একাধিক মামলার আসামি জেলা শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেনকে। তবে বর্তমানে তিনি ওই সব মামলায় জামিনে আছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের ৩ উপবিধিতে উল্লেখ রয়েছে, ‘পরিচালনা পরিষদের সভাপতি মনোনয়নের জন্য প্রধান শিক্ষক স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, সমাজসেবক সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনের জীবনবৃত্তান্তসহ একটি তালিকা বোর্ডে পাঠাবেন। বোর্ডের চেয়ারম্যান তাঁর বিবেচনামতো একজনকে সভাপতি মনোনীত করবেন।’ তবে এ ক্ষেত্রে স্থানীয় সাংসদের ডিও লেটার (অভিপ্রায় পত্র) থাকায় বোর্ড তাদের ইচ্ছা অনুযায়ী সভাপতি মনোনয়ন দিতে পারছে না।বরিশাল শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, গত আড়াই বছরে বোর্ডের অধীন অধিকাংশ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হয়েছেন সরকার দলীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীরা; যা শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী হয়নি। সাংসদ ও মেয়রের সুপারিশের কারণে বোর্ড কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো ভূমিকা বা ব্যবস্থা নিতে পারছে না।কাশিপুর স্কুল ও কলেজের সভাপতি সিটি মেয়র শওকত হোসেন হিরণ। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সরকারি বা প্রশাসনের লোক সভাপতি থাকলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি। তাঁরা পদে পদে আইন খোঁজেন এবং বিল-ভাউচারে সময়মতো তাঁদের দিয়ে সই করানো কঠিন হয়।নগরের ব্রজমোহন (বিএম) বিদ্যালয় ও মল্লিকা কিন্ডারগার্টেনের সভাপতি মহানগর আওয়ামী লীগের সদস্য আনিসউদ্দিন আহম্মেদ, জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কোতোয়ালি আওয়ামী লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে ভিপি আনোয়ার, আছমত আলী ইনস্টিটিউশনের সভাপতি আওয়ামী আইনজীবী পরিষদের জেলা সভাপতি সৈয়দ গোলাম মাসউদ, এ ওয়াহেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সরকার-সমর্থক ব্যবসায়ী ছালাম মিয়া, রায়পাশা ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুর রশীদ হাওলাদার।বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবুল বাসার তালুকদার বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মনোনয়নের ক্ষেত্রে বোর্ডের নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভোটার তালিকা ও প্রধান শিক্ষকের মন্তব্য প্রতিবেদন দেখে অনুমোদন দেওয়া হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বোর্ডের অধীন প্রায় এক হাজার বিদ্যালয়ের কমিটি অনুমোদন করা হয়েছে।বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। আমরা শুধু অনুমোদন দিই, এ ক্ষেত্রে সভাপতি কোন রাজনৈতিক দলের তা দেখার সুযোগ নেই। তবে দণ্ডিত কোনো ব্যক্তি সভাপতি হলে এবং অভিযোগ পাওয়া গেলে অবশ্যই সেই কমিটি বাতিল করা হবে। এ ছাড়া অনেক সময় প্রতিষ্ঠান থেকে দেওয়া তালিকার একজনের জন্য সাংসদেরা ডিও লেটার দেন। সে ক্ষেত্রে তাঁদের সম্মান দেখানো হয়।’