আইনের শাসন প্রতিষ্ঠায় খুনিদের শাস্তি গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য শিশু রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের খুনিদের মৃত্যুদণ্ড খুবই গুরুত্বপূর্ণ। খুনিদের শাস্তি দিয়ে আমরা প্রতিষ্ঠা করতে চাই, অন্যায়-অবিচার করলে শাস্তি পেতেই হবে।’শেখ রাসেলের ৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বঙ্গবন্ধু, শিশু রাসেলসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারীদের প্রতি ঘৃণা প্রদর্শনের পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিদের সহযোগীদের ঘৃণা করতে আগামী প্রজন্মের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। খবর বাসস ও ইউএনবির।শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে রাসেলের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘরে জন্ম নেওয়ায় রাসেলকে অত্যন্ত অল্প বয়সে জীবন দিতে হয়েছে। ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এ নির্মম হত্যাকাণ্ড ঘটায়।শেখ হাসিনা বলেন, ‘আমরা পৃথিবীর কোথাও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম ঘটনা এবং শিশু রাসেল কচি বয়সে যে নির্যাতন সহ্য করেছে, তার পুনরাবৃত্তি দেখতে চাই না।’ পরিষদের চেয়ারম্যান রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, আবুল বারকাত এবং পরিষদের মহাসচিব সাংসদ মাহমুদুস সামাদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, গান ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বঙ্গবন্ধু পরিবারের যে দুজন সদস্য ওই হত্যাকাণ্ড থেকে বেঁচে যান, শেখ হাসিনা তাঁদের অন্যতম। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিরা অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে নস্যাৎ করেছে এবং একটি সদ্য স্বাধীন দেশের সব আশা-আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করেছে। খুনিদের সাংসদ বানানো হয়েছে।পরিবেশবান্ধব প্রযুক্তি খাতে সুইডেনের সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে গতকাল সুইডেনের সফররত পরিবেশমন্ত্রী লিনা সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে সুইডেন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি পরিবেশ রক্ষায় বাংলাদেশের এগ্রো-কেমিক্যাল খাতে প্রয়োজনীয় সহায়তাও কামনা করেন।প্রধানমন্ত্রী সুইডিশ মন্ত্রীকে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি) সম্পর্কে জানান।