আগামী অধিবেশনেই অর্পিত সম্পত্তি আইন পাসের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের আগামী অধিবেশনেই অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন পাস করার দাবি জানিয়েছেন এক গোলটেবিল আলোচনার বক্তারা।তাঁরা বলেছেন, আইনটি পাস করা নিয়ে এরই মধ্যে অনেক জল ঘোলা হয়েছে। কিছু নতুন জটিলতাও সৃষ্টি হয়েছে। এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপে সবার মতৈক্যের ভিত্তিতে আগামী অধিবেশনেই আইনটি পাস করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০১১-এর সংশোধন, চূড়ান্তকরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলন, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, এইচডিআরসি ও সম্মিলিত সামাজিক আন্দোলন যৌথভাবে এর আয়োজন করে।আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন এত দিনেও কেন সংশোধন হয়নি, সেই কৈফিয়ত চাওয়ার মতো ধৈর্য আমাদের আর নেই। সব নিঃশেষ হয়ে গেছে। আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য বিল জমা দেওয়া আছে। “ইয়েস-নো” বললেই হয়ে যাবে।’সুরঞ্জিত বলেন, ‘এই আইন পাস করে তার সঠিক প্রয়োগও করতে হবে। আমলাদের মাতব্বরির ওপর ছেড়ে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে একদল লোক বোঝায় যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে এ আইন নিয়ে দ্বিধাবিভক্তি আছে; কিন্তু আমাদের দাবির মধ্যে কোনো বিভেদ নেই।’সভার সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পাস করার বিষয়টি খুব কঠিন না হলেও কালক্ষেপণ করা হয়েছে বলে মন্তব্য করেন।সভায় এ ছাড়া অধ্যাপক অজয় রায়, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেন প্রমুখ বক্তব্য দেন।বক্তারা ১৯৭৪ সালের পর অবৈধভাবে ঘোষিত সব অর্পিত সম্পত্তি অবিলম্বে অবমুক্ত ঘোষণা করা, প্রকৃত তালিকা ধরে এক বছরের মধ্যে গেজেট প্রকাশ, সরকারের খাস খতিয়ানভুক্ত সব সম্পত্তি অর্পিত নয় বলে ঘোষণা প্রভৃতি দাবির কথা তুলে ধরেন।