আগের ইসির কড়া সমালোচনা কমিশনার মোবারকের
আগের নির্বাচন কমিশনের (ইসি) তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। তিনি বলেছেন, ওই কমিশন প্রতি জানুয়ারিতে ভোটার তালিকা হালনাগাদ না করে আইন লঙ্ঘন করেছে। আগের নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তা যথাসময়ে শুরু হবে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন কমিশনার আবদুল মোবারক। তাঁর মতে, এভাবে কাজ শুরু করলে এ নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। কমিশনার মোবারক সাংবাদিকদের বলেন, ‘আগের কমিশন কোনো আইনকানুন মানেনি। তারা গত তিন বছরে ভোটার তালিকা হালনাগাদ করেনি। তাঁদের বেতন হালাল হয় কীভাবে? আবদুল মোবারক আরও বলেন, ‘জানুয়ারি বাদ দিয়ে মার্চে কেন হালনাগাদ? এক তাক থেকে অন্য তাকে বই সরিয়ে নেওয়া কমিশনের কাজ নয়। আইন বলে জানুয়ারিতে হালনাগাদ করতে হবে।’১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে কি না, জানতে চাইলে কমিশনার মোবারক বলেন, ‘আগের কমিশন স্নো-পাউডার মাখত বলে তা কি আমাদেরও মাখতে হবে? আমাদের কাছে প্রশ্ন, তারা কেন কাজটি তিন বছরেও করেনি। বিষয়টি এলোমেলো মনে হচ্ছে। এ বিষয়ে কমিশন দু-তিন দিনের মধ্যে নতুন করে সিদ্ধান্ত নেবে।’ ছবিসহ ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতিবছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে হালনাগাদ করার কথা। কমিশন সচিবালয় সূত্র জানায়, ২০০৯ সালের ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় কমিশন ওই বছরের জানুয়ারিতে তালিকা হালনাগাদ করতে পারেনি। এ কারণে ২০০৯ সালের মে থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। আবার ২০১১ সালের জানুয়ারিতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের কারণে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব হয়নি। আগের কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১০ মার্চ থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চার ধাপে ভোটার তালিকা হালনাগাদ করার কথা। নতুন কমিশনার আবদুল মোবারক তিন বছরের কথা বললেও তালিকা হালনাগাদ হয়নি মূলত গত দুই বছর। হালনাগাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশন বিদায়ের আগে ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব করে গেছে। কমিশনার আবদুল মোবারকের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘কাজ এভাবেই করতে হয়। আইনের সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য না থাকায় জানুয়ারিতে করা সম্ভব হয় না। সে জন্য ভিন্ন সময়ে করা হয়েছে।’ প্রচারণার ব্যাপারে ইসির কিছু করার নেইঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা আগে থেকেই যে প্রচারণা চালাচ্ছেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই। গতকাল রোববার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেছেন নির্বাচন কমিশনার জাভেদ আলী। জাভেদ আলী বলেন, ‘তফসিল ঘোষণা থেকে নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা পর্যন্ত সবকিছু তদারক করবে কমিশন। সুতরাং, তফসিল ঘোষণা-পূর্ব প্রচার-প্রচারণার ব্যাপারে কমিশনের কিছু করার নেই। আমরা শুধু সংবিধান কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করব। নিজে থেকে খুঁজে বের করে ঝামেলা নিতে চাই না। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে।’ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ১০ হাজার ভোটকক্ষের মধ্যে এক হাজার কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানান জাভেদ আলী। তিনি বলেন, ‘আগের কমিশনের কোনো কাজই আমরা বাতিল করিনি। তারা তিনটি সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করেছে। সুতরাং ঢাকা সিটিতেও ব্যবহার করা হবে।’নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে বলেও জানান কমিশনার জাভেদ আলী।