আটকে আছে পদ্মা সেতুর সব দরপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংক ও দাতা সংস্থাগুলোর অনুমোদন না পাওয়ায় মূল সেতুর চূড়ান্ত দরপত্রসহ পদ্মা সেতু প্রকল্পের সব দরপত্র আটকে আছে। বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী অবস্থানের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল প্রথম আলোকে বলেন, নির্মাণসংক্রান্ত পাঁচটি এবং পরামর্শক নিয়োগের একটি দরপত্র আটকে আছে। উন্নয়ন সহযোগীদের অনুমোদন পেলেই জট খুলে যাবে।সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পরামর্শক ছাড়া মূল সেতু, নদীশাসন, সংযোগ সড়কসহ পাঁচটি আলাদা দরপত্র হওয়ার কথা ছিল। নয় মাস আগে মূল সেতুর ঠিকাদার নিয়োগে প্রাকযোগ্য পাঁচটি প্রতিষ্ঠানের তালিকা বিশ্বব্যাংকে পাঠানো হয়। কিন্তু বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগীদের অনুমোদন না পাওয়ায় চূড়ান্ত দরপত্র আহ্বান করা যাচ্ছে না।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও সেতু বিভাগ সূত্র জানায়, দাতা সংস্থাগুলো যোগাযোগমন্ত্রীকে আস্থায় নিতে না পারার কারণেই পদ্মা সেতু প্রকল্প ঝুলে গেছে। মূল সেতুর প্রাকযোগ্যতা যাচাই দরপত্রে একটি চীনা কোম্পানিকে বাদ দেওয়া এবং নির্মাণকাজ তদারকে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এ আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।সেতু বিভাগ সূত্র জানায়, মূল সেতুর প্রাকযোগ্যতা যাচাই দরপত্রে চীনা কোম্পানি সিআরসিপিকে বাদ দেওয়ায় কোম্পানিটি বিশ্বব্যাংকের কাছে নালিশ দেয়। অন্যদিকে তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রাকযোগ্যতা যাচাই দরপত্রে কানাডাভিত্তিক এসএনসি-লাভালিনকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত করে সেতু বিভাগ। এ দরপত্র প্রক্রিয়া নিয়ে অংশগ্রহণকারী অন্য প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের কাছে নালিশ দেয়। এরপর বিশ্বব্যাংক নিজে এবং কানাডা পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করে। দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেতু বিভাগের সচিব প্রথম আলোকে বলেন, ‘দুর্নীতির অভিযোগ থাকলে যে কেউ তদন্ত করতে পারে। আমরা সহযোগিতা দেব।’ পদ্মা সেতুর প্রকল্পের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে দুই বছরের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এম এম সফিউল্লাহ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাতও আছেন। কমিটির দুই বছর মেয়াদ শেষ হয়েছে গত ডিসেম্বরে।বিশেষজ্ঞ কমিটির একাধিক সদস্য বলেন, তাঁরাও শুনেছেন আবুল হোসেন মন্ত্রী থাকলে দাতারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করবে। এ ছাড়া একাধিক দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় বিশ্বব্যাংক ও যোগাযোগ মন্ত্রণালয়ের টানাপোড়েন দেখা গেছে। বিশ্বব্যাংক বলে, এ প্রতিষ্ঠানকে বাদ দাও, ওই প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করো। আর যোগাযোগমন্ত্রী বিশ্বব্যাংক যে পরামর্শ দেয়, তার উল্টোটা করার কথা বলেন। এদিকে মূল সেতুর নির্মাণকাজ শুরু না হলেও এরই মধ্যে এ প্রকল্পের এক হাজার ২১ কোটি টাকা খরচ হয়ে গেছে। এ অর্থের বেশির ভাগই সরকারের রাজস্ব খাত থেকে ব্যয় হয়।