বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার-বগুড়া সড়কের দুই পাশের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখলের হিড়িক পড়ে গেছে। ইতিমধ্যে উপজেলা সদরসহ সান্তাহার পৌর এলাকা, নশরৎপুর ও মুরুইল বাজার এলাকায় বিপুল পরিমাণ জায়গা দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কার্যালয়, ক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে।অবৈধভাবে স্থাপনা তৈরি অব্যাহত থাকায় ৪ মার্চ বগুড়া সওজ বিভাগ বগুড়া-সান্তাহার সড়কের পাশে গড়ে ওঠা সব অবৈধ স্থপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দিয়েছে। কিন্তু নোটিশ পাওয়ার ২৩ দিন অতিবাহিত হলেও কোনো দখলদার স্থাপনা সরিয়ে নেয়নি। সরেজমিনে দেখা গেছে, শুধু উপজেলা সদরে রাস্তার দুই পাশের জায়গা দখল করে গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ স্থাপনা। এ ছাড়া সান্তাহার পৌর এলাকা, নশরৎপুর, মুরুইল বাজারসহ রাস্তার মোড়ে মোড়ে গড়ে উঠেছে শত শত দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠান। রাস্তার পাশের ঝুঁকিপূর্ণ জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উপজেলার বিভিন্ন রাস্তার পাশে সওজ বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অবৈধ দখলদারেরা আবার বেপরোয়া হয়ে ওঠে। শুরু হয় একের পর এক জায়গা দখলের প্রতিযোগিতা। তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, সেসব নতুনভাবে আরও মজবুত করে গড়ে তোলা হয়।উপজেলা সদরের বাসিন্দা মাহাবুব হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক অবৈধ দখলদারের বিরুদ্ধে মামলা করেছিল সওজ। কিন্তু বর্তমানে কোনো তৎপরতা না থাকায় অবৈধ দখলপ্রক্রিয়া বেড়ে গেছে বহুগুণে। তিনি বলেন, কোনো বাধা না থাকার কারণে অনেকে একাধিক দোকান তৈরি করে নিজে একটি দখলে রেখে অন্যগুলো ভাড়া দিচ্ছে। এভাবে একজনের দেখাদেখি আরেকজন একই পন্থা অনুসরণ করছে। সান্তাহার শহরের পোঁওতা এলাকার রেজাউল ইসলাম জানান, মানুষ একটু সুযোগ পেলে কোনো নিয়মকানুন মানতে চায় না। রাস্তার পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা একের পর এক দখল হয়ে যাচ্ছে। অথচ কেউ মানতে চাইছে না, এ জায়গা তাদের নয় এবং এ জায়গায় কোনো ঘর নির্মাণ করা ঠিক নয়।রাস্তার পাশের জায়গা দখল করে দোকান তৈরির বিষয়ে জানতে চাইলে আদমদীঘি বাজার এলাকার হোসেন আলী বলেন, ‘সবাই জায়গা দখল করে ঘর করেছে, আমি করলে দোষ কোথায়? ভেঙে দিলে চলে যাব।’ মুরুইল বাজারের দোকানদার আবদুর রহিম বলেন, ‘আমি মাত্র একটা দোকানের জায়গা দখল করে ব্যবসা করে খাচ্ছি, যারা বেশি জায়গা দখল করে ঘর বানিয়ে ভাড়া দিচ্ছে, তাদের কথা লেখেন।’বগুড়া-সান্তাহার রুটের বাসচালক মোমতাজ আলী বলেন, যেভাবে রাস্তার দুই পাশে জায়গা দখল করে দোকানপাট গড়ে উঠছে তাতে করে রাস্তা দিয়ে গাড়ি চালানো ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু দোকান নয়, রাস্তার ওপর যেভাবে হাট-বাজার বসছে, তাতে করে সব সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। আর দুর্ঘটনা ঘটলেই সব দোষ এসে পড়ে চালকের ওপর।আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোল্লা মিজানুর রহমান বলেন, অনেক দিন থেকে এখানে রাস্তার ওপর হাট বসছে। এটা বন্ধের জন্য সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাটের জায়গা আরও সমপ্রসারণ করা হবে এবং রাস্তার ওপরের দোকান হাটের মধ্যে আনা হবে। বগুড়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেট না পাওয়ায় উচ্ছেদ অভিযান শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ম্যাজিস্ট্রেট চেয়ে আবেদন করা হয়েছে। পাওয়া মাত্রই বগুড়া-সান্তাহার সড়কের পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করা হবে।